অনলাইন ডেস্ক: কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের মর্মান্তিক ঘটনায় নিহত ৭ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ৬ জনের মরদেহ দেশে এসেছে।
শনিবার (১৯ আগস্ট) কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সহায়তায় মরদেহগুলো বাংলাদেশে ফেরত আনা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পর থেকেই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবার/স্বজনদের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নপূর্বক এবং মরদেহ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করে আসছে।স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শুক্রবার রাতে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে আজ সকালে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামান-এর মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয় এবং তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
কুষ্টিয়ার একই পরিবারের দেবাশীষ দত্ত ও তার পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলী এবং ঢাকার আমিনবাজারের বাবু আহমেদ-এর মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে আজ বিকেলে প্রত্যাবাসন করা হয়েছে। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন মরদেহ সংরক্ষণ, পরিবহন এবং দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
সপ্তম ব্যক্তি সাতক্ষীরার নিহত রেপতি সরকার-এর মরদেহ তার পরিবারের ইচ্ছানুযায়ী শুক্রবার রাতে কলকাতায় সৎকার করা হয়। এ ক্ষেত্রেও বাংলাদেশ উপ-হাইকমিশন আর্থিক ও অন্য সব প্রকারের সহযোগিতা প্রদান করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এ দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।


