অনলাইন ডেস্ক : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে জশনে জুলুস ও মাহফিল। এ অনুষ্ঠান ঘিরে অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।একই সঙ্গে সিএপমিপির পক্ষ থেকে র্যালির জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে রোডম্যাপ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে ধর্মীয় র্যালি ও মাহফিল অনুষ্ঠিত হবে। জনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণভাবে এসব আয়োজন সম্পন্ন করতে চট্টগ্রাম সিএমপি অধ্যাদেশ ১৯৭৮-এর ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে সব ধরনের অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।এছাড়া মূর্তি বা কুশপুত্তলিকা প্রদর্শনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মূল জশনে জুলুসের জন্য নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, সকাল ৮টায় নগরের ষোলশহরের আলমগীর খানকা কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে র্যালি শুরু হবে। র্যালিটি বিবিরহাটে গিয়ে বামে মোড় নিয়ে মুরাদপুরে পৌঁছাবে। সেখান থেকে ডানে মোড় নিয়ে ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস হয়ে পুনরায় একই পথে ফিরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুছ ময়দানে গিয়ে সমবেত হবে।
সিএমপি জানিয়েছে, র্যালি চলাকালে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে।র্যালির শুরু থেকে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


