কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণা ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে শহরের হোটেল সী-প্যালেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের কক্সবাজার আদালতে হাজির করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তাইওয়ানের ওয়েই চিং ওয়েন এবং চীনের জু ইয়াংফান, ইয়ান চ্যাংচেং, জু হাইয়াং, উ জিয়ান জিওন ও জাং জেমিং।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. অহিদুর রহমান বলেন, রামু থানায় দায়ের করা একটি অভিযোগের সূত্র ধরে এবং ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৩০ থেকে ৪০টি ল্যাপটপ এবং বিদেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কয়েকটি যন্ত্র উদ্ধার করা হয়েছে।
মো. অহিদুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণা ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।
পুলিশের একটি সূত্র জানায়, গত কয়েক মাস ধরে প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকার দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। তাদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
তবে এত বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের সম্পৃক্ততা এবং তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
হোটেল সী-প্যালেস কর্তৃপক্ষ জানায়, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তবে তারা কী উদ্দেশ্যে কক্সবাজারে এসেছিলেন, সে বিষয়ে হোটেল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।


