সোমবার, নভেম্বর ৯, ২০২৬
spot_img

দরিদ্রদের শুধু অর্থ সহায়তা যথেষ্ট নয়, দরকার কর্মসংস্থান-দক্ষতা উন্নয়ন : মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে শুধু আর্থিক সহায়তা যথেষ্ট নয়। তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে হবে। এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে তারা নিজেরাই পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবে। এ ধরনের উদ্যোগ নগরীর দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) চসিকের সম্মেলন কক্ষে নগরের দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা অর্জনে সহায়তাসংশ্লিষ্ট প্রকল্পের আওতায় সেলাই মেশিন, কম্পিউটার ও ফুড কার্ট বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চীন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার অর্থায়নে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
মেয়র বলেন, চট্টগ্রাম নগরীতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা কম নয়। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। চসিকও নগরীর প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি বলেন, প্রকল্পের আওতায় ৪৮টি সেলাই মেশিন, ৪১টি কম্পিউটার ও ৬৮টি ফুড কার্ট বিতরণ করা হয়েছে। এসব উপকরণ নিজস্ব কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবারের আয় বৃদ্ধিতে সহায়ক হবে। বিশেষ করে সেলাই মেশিন ও কম্পিউটারের মাধ্যমে তরুণ-তরুণীরা দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারবেন। ফুড কার্টের মাধ্যমে তৈরি হবে ক্ষুদ্র ব্যবসার সুযোগ।
শাহাদাত হোসেন আরও বলেন, প্রকল্পটি শুধু কর্মসংস্থান সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ নয়; দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নয়নেও ভূমিকা রাখছে। প্রকল্পের আওতায় ৮০৪ জন দরিদ্র ও হতদরিদ্র গর্ভবতী ও দুগ্ধদানকারী মাকে পুষ্টি সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ১৯৩ জন দরিদ্র কিশোরীকে হাইজিন কিট দেওয়া হয়েছে।
নগরীর নিম্ন আয়ের মানুষের বসবাসের এলাকাগুলোতে নিরাপদ ও উন্নত পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন মেয়র। তিনি বলেন, চসিকের আওতাধীন সিডিসির যেসব এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, সেসব এলাকায় ৪৫টি সোলার লাইট স্থাপন করা হবে। এতে অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলো আলোকিত হওয়ার পাশাপাশি বাসিন্দাদের চলাচলে নিরাপত্তা বাড়বে।
মেয়র বলেন, নগর উন্নয়নকে শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। মানুষের জীবনমান, কর্মসংস্থান, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও নিরাপদ বসবাসের পরিবেশ নিশ্চিত করাও নগর উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসতে সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে চসিক।
প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের জন্য চীন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা এবং কারিগরি সহায়তার জন্য ইউএনডিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র। ভবিষ্যতেও নগরীর দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয় এবং অনলাইনে ইউএনডিপির আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img