রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘৫৬তেই কেন’ শীর্ষক প্রতীকী প্রশ্নযাত্রা কর্মসূচি পালন করেছেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চুয়েটের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন তারা। এদিন ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তারা।
এদিন শিক্ষার্থীদের হাতে হাতে ছিল ‘৫৬?’ লেখা প্ল্যাকার্ড। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় কেন সরিয়ে দেওয়া হলো এমন প্রশ্ন তুলে তারা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের ভাষ্য, উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের কারণ ও প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে, প্রতীকীভাবে ‘৫৬?’ লিখে সেটিই তুলে ধরা হয়েছে।
কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। শহীদ মিনার এলাকায় তারা প্ল্যাকার্ড হাতে অবস্থান করেন এবং উপাচার্য পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তাও দেখা যায়।
পরে শহীদ মিনার থেকে প্ল্যাকার্ড হাতে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরের দিকে যায়। মিছিলে শিক্ষার্থীরা ‘৫৬’? লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানান।
মিছিল শেষে শিক্ষার্থীরা আবার শহীদ মিনার এলাকায় ফিরে অবস্থান নেন। সেখানে আন্দোলনের অংশ হিসেবে পথনাটক পরিবেশন করা হয়। পথনাটকের মাধ্যমে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত এবং এর ফলে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্ন ও ক্ষোভ তুলে ধরার চেষ্টা করেন তারা।
শিক্ষার্থীরা বলছেন, উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার করে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এরই ধারাবাহিকতায় প্রতীকী প্রশ্নযাত্রা, মিছিল, অবস্থান ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে দাবি তুলে ধরছেন তারা।


