নিজস্ব প্রতিবেদক: নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন আবাসিক এলাকায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকালে তিন নারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করেছে পুলিশ।আটকৃতরা হলেন-আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল হাকিম রাব্বি এর আগে নগরের পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনে অংশ নেন। পরে বায়েজিদ এলাকায় একটি বৃদ্ধাশ্রমে খাবার খাওয়াতে গেলে তাকে আটক করা হয়।
এরপর একই ঘটনায় আরও কয়েকজনকে আটক করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের তিন নারীসহ ৭ জনকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


