নিজস্ব প্রতিবেদক: মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হাসান মো.শওকত আলী।রোববার (৪ অক্টোবর) দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইন্স শুটিং ক্লাবে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান ২০২৪ ও ২০২৫ উপলক্ষে আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।সিএমপি কমিশনার বলেন, শুধু পড়াশোনায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না। শিক্ষার্থীদের দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে ধারণ করতে হবে।ভবিষ্যতে অর্জিত জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক ও গঠনমূলক বিষয় গ্রহণ এবং ক্ষতিকর ও নেতিবাচক বিষয় পরিহার করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের সন্তানদের মধ্য থেকে ৬০ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সম্মাননা দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, মেধাবী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



