ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে বাড়ির পাশের পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধর্মপুর হায়দার আলী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত দুই শিশু হলো- ওই বাড়ির মোহাম্মদ সরওয়ারের ৬ বছর বয়সী কন্যা সাফিয়া এবং তার ভাই মোহাম্মদ বেলাল উদ্দিনের একই বয়সের কন্যা মারিয়া। তারা দুজনই স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।স্থানীয়রা জানান, দুপুরে নামাজের পর দুই শিশু বাড়ির আশপাশে খেলছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খাবার খেয়ে তাদের খোঁজ করতে গিয়ে দেখতে পান, তারা সেখানে নেই।পরে বাড়ির পাশের পুকুরের পাড়ে গিয়ে শিশুদের স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। এরপর পুকুরে খোঁজ করে তাদের উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম আকাশ জানান, দুপুর ৩টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশু দুটির পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন। পরিবারের সদস্যরা নামাজ ও অন্যান্য কাজে ব্যস্ত থাকার সুযোগে অগোচরে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



