অনলাইন ডেস্ক : সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটে এখন পর্যন্ত ৮৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইটের কারণে ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন যাত্রী। বুধবার (১৪ অক্টোবর) সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রভাবিত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের পাঁচটি এবং রিয়াদ এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, প্রভাবিত ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের চারটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি এবং ফ্লাইদুবাইয়ের ছয়টি ফ্লাইট রয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় এসব ফ্লাইটের যাত্রীরা ভ্রমণসূচি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় তাদের ভোগান্তি বাড়ছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পরিস্থিতির কারণে প্রভাবিত ফ্লাইট ও যাত্রীর সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।



