নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকার ভেতর থেকে ৪ হাজার ২৫৬ লিটার ডিজেল পাচারের অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন দুই কর্মী। তারা হলেন, বন্দরের ভাণ্ডাররক্ষক মাহমুদুর রহমান মান্না ও সিনিয়র স্টোরম্যান সঞ্জয় কুমার দে।আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের প্রধান প্রকৌশলী মীর্জা রাকিবুল ইসলাম। তিনি বলেন, গত রবিবার তাদের সাময়িক বরখাস্ত করা হয়।তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বন্দরের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) কমিটির আহ্বায়ক। তারা আর্থিক ক্ষয়ক্ষতিও নিরূপণ করবে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া সঞ্জয় কুমার দে বোয়ালখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মাহমুদুর রহমান মান্নার রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বন্দরসংশ্লিষ্ট সূত্র বলছে, গত ১৫ অক্টোবর যমুনা অয়েল পিএলসি থেকে বন্দরের যান্ত্রিক বিভাগের জোনাল ওয়ার্কশপ ডি-এর জন্য ১৮ হাজার লিটার ডিজেল নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, ডিজেলবাহী গাড়ি থেকে পুরো জ্বালানি ট্যাংকে না ঢেলে ৪ হাজার ২৫৬ লিটার ডিজেল বাইরে পাচারের চেষ্টা করা হয়। এ সময় গাড়িটি বন্দর থেকে বের হতে সহায়তা করেন অভিযুক্ত দুই কর্মী। পরে নৌবাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্যরা বন্দরের জেটি এলাকায় ১ নম্বর গেটের কাছে কেমিক্যাল শেডের বিপরীত পাশে গাড়িটি আটকে দেন।


