নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার বৈজ্ঞানিক-তথ্যমূলক জার্নাল ‘আলমানাক এথনোডায়ালগস’ (3,2026)-এ প্রকাশিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের একটি যৌথ গবেষণা প্রবন্ধ।আন্তর্জাতিক সাইটেশন ডাটাবেজ Science Index এবং DOI নিবন্ধিত এই সাময়িকীটির ১২৮ পৃষ্ঠায় প্রবন্ধটি স্থান পেয়েছে। প্রকাশিত প্রবন্ধটির শিরোনাম— “রাশিয়া, মিশর ও বাংলাদেশে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান: তরুণদের বিষয়ভিত্তিক আলোচনার পথ ধরে”।
রাশিয়া, মিশর ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক থিমেটিক সেশনের ধারাবাহিকতায় রচিত এই প্রবন্ধে তিন দেশের ইউনেস্কো হেরিটেজ সাইট ও তরুণদের অংশগ্রহণের নানাদিক নিয়ে আলোচনা করা হয়েছে।

গবেষণাটিতে বাংলাদেশ থেকে কাজ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের তিনজন প্রাক্তন শিক্ষার্থী। তাঁরা হলেন— ৩য় ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে রাশিয়ার মস্কো পেডাগোজিক্যাল স্টেট ইউনিভার্সিটির (MPGU) পিএইচডি গবেষক শারমিন সুলতানা (রাশা), এবং ৯ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ইয়াকিন হায়দার ও অর্পিতা ভট্টাচার্য্য।
এই আন্তর্জাতিক যৌথ উদ্যোগ ও গবেষণার বাংলাদেশ অংশের সার্বিক দিকনির্দেশনা ও সমন্বয় করেন নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক আরাফাতুল আলম। এর আগে অনুষ্ঠিত যৌথ অনলাইন সেশনে তিনি এবং এমপিজিইউ (MPGU)-এর অধ্যাপক এলেনা ওমেলচেঙ্কো স্বাগত বক্তব্য প্রদান করেন। তাঁর ধারাবাহিক সমন্বয় ও পরামর্শে বিভাগের এই প্রাক্তন শিক্ষার্থীরা গবেষণার কাজে যুক্ত হওয়ার সুযোগ পান।
এই উদ্যোগের বিষয়ে নাট্যকলা বিভাগ এ্যালামনাইয়ের আহ্বায়ক নাজমুল হুদা বলেন,
“আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের এমন একাডেমিক উদ্যোগ ও যৌথ গবেষণা বিভাগে তাঁদের শেখার ধারাবাহিকতাকেই ফুটিয়ে তোলে। এই কাজের সাথে যুক্ত শিক্ষক ও গবেষকদের এ্যালামনাইয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই।”
শিক্ষক ও শিক্ষার্থীদের এই যৌথ গবেষণা কার্যক্রম আগামীতে বিভাগে একাডেমিক চর্চা ও গবেষণার ধারাকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


