অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে।বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।হামিদুর রহমান আযাদ বলেন, ১১টি দল আমরা আছি। আমাদের দুটি ইস্যু ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন।আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। আমরা সেখানে গিয়ে কিছু পর্যবেক্ষণ করে এসে কমিশনে অভিযোগ দিয়েছিলাম।
আজ কমিশন সেসব অভিযোগের বিষয়ে কিছু কিছু পদক্ষেপ নিলেও অনেক ক্ষেত্রেই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা ইউএনওকে সরাতে বলেছিলাম।
কিন্তু তাঁকে সরানো হয়নি। তাঁকে সরিয়ে না দিয়ে নির্বাচন কার্যক্রম থেকে বিরত রেখেছে নির্বাচন কমিশন। কিন্তু আমরা বলেছি, তাঁকে প্রত্যাহার করতেই হবে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কার্যক্রম থেকে বিরত রেখে আইওয়াশ করতে চান, আমরা সেই প্রশ্ন করেছি।
তিনি বলেন, আগামীকালের নির্বাচন নিরপেক্ষ না হলে আমরা বলব, কমিশন আইওয়াশ করেছে। আগামীকালের নির্বাচনই নির্ধারণ করবে, আমরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করব কি না। নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে।


