অনলাইন ডেস্ক : বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দিশা নামের এক নারীকে আটক করেছে নৌ পুলিশ। অন্যদিকে, একই মামলায় চার দিনের রিমান্ডে থাকা অভিযুক্ত দীপকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) ফিরোজ আহমেদ জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশাকে আটক করা হয়। আর রোববার (১ নভেম্বর) মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ করছেন মামলার তদন্ত কর্মকর্তা।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর পর পরিবারের অভিযোগের ভিত্তিতে তার বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাহসিফের সঙ্গে যাতায়াতের বিভিন্ন স্থান ও কারণ সম্পর্কে দ্বীপ তথ্য দিলেও তার বক্তব্যে স্পষ্ট অসংগতি পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পিবিআই ঘটনাস্থলগুলো পরিদর্শন করে।
নৌ পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ, পরিবারের মামলার অভিযোগ, তদন্তে সংগৃহীত আলামত এবং রিমান্ডে দীপের দেওয়া আগের বক্তব্য মিলিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহসিফের মৃত্যুর ঠিক আগে কী ঘটেছিল এবং ঘটনার পেছনে অন্য কেউ জড়িত কি না, তা বের করার চেষ্টা চলছে।
চার দিনের রিমান্ড শেষে দীপের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে এবং প্রয়োজনে তাকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হতে পারে।


