নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের তিন পুলের মাথা এলাকায় জাকির হোসেন নামের এক ব্যবসায়ীকে কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক এ তথ্য জানান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও তাকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রিয়াজউদ্দিন বাজার থেকে ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা জাকির হোসেনের ওপর হামলা চালায়। তাকে কিরিচ দিয়ে কুপিয়ে সঙ্গে থাকা ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে মৃত ভেবে ফেলে রেখে হামলাকারীরা চলে যায়। এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, ‘জাকির হোসেন একজন সৎ ও সহজ-সরল ব্যবসায়ী। তার ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।’
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর পুলিশ কাজ শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ জন্য ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আশা করছি, খুব দ্রুত পরিচয় শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো।’


