নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাঁচ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।রবিবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে ভিড়ে।
৬৮ মিটার দৈর্ঘ্যের যুদ্ধজাহাজটির নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোনাইটেড। তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল চট্টগ্রামে এসেছে। জাহাজটি বন্দরে ভেড়ার সময় প্রতিনিধিদলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে, বন্দরের প্রবেশমুখে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানানো হয়।
সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের স্কুল অব মেরিটাইমে ‘কারাত-২০২৬’ মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ মহড়ার মূল লক্ষ্য সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌথ অভিযান পরিচালনায় দুই দেশের নৌসদস্যদের সক্ষমতা বাড়ানো।
সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের যৌথ প্রশিক্ষণ মহড়া দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে। একই সঙ্গে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌসদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে।প্রশিক্ষণ মহড়া শেষে আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটির বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।


