মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে অভিযান চালিয়ে নওশাদ আলম (৩৩) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার বাড়ি থেকে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নওশাদ আলম ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
পুলিশ জানায়, মিরসরাই থানা পুলিশের সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ ডোমখালী এলাকায় অভিযান চালায়। এ সময় নওশাদ আলমকে গ্রেপ্তারের পাশাপাশি তার বাড়িতে তল্লাশি চালিয়ে উল্লেখিত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ নওশাদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
এ বিষয়ে মিরসরাই উপজেলা যুবদলের সমন্বয়ক এসএম সুমন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনো অস্ত্রবাজের জায়গা হবে না। কারও ব্যক্তিগত দায় দল নেবে না। বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


