মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
spot_img

কোটি কোটি টাকার হোল্ডিং ট্যাক্স নির্ধারণে অভিনব কারসাজি: রাজস্ব ক্ষতি ১৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: কোটি কোটি টাকার হোল্ডিং ট্যাক্স নির্ধারণে অভিনব কারসাজির ঘটনা ঘটেছে চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক)। সরকারি নথিতে সাদা ফ্লুইড ব্যবহার করে মুছে ফেলা হয়েছে মূল্যায়নের আগের অঙ্ক।
কোথাও ফিল্ড বুকের পাতা, কোথাও আপিল ফরমে ঘষামাজা করে কমানো হয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানের বার্ষিক মূল্যায়ন। এতে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে কম কর আদায়ের সুযোগ তৈরি করে সিটি করপোরেশনের প্রায় ১৬ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।এ ঘটনায় চসিকের পাঁচ কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী দুটি প্রতিষ্ঠানের মালিকসহ মোট সাতজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। সোমবার (৯ নভেম্বর) দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা দুটি দায়ের করা হয়।দুদকের সহকারী পরিচালক সৈয়দ আলম বাদী হয়ে মামলাগুলো করেন।
দুদকের এজাহার অনুযায়ী, একটি প্রতিষ্ঠানের বার্ষিক মূল্যায়ন ২৫ কোটি ৬৭ লাখ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৫ কোটি ৮ লাখ টাকা।

অন্য প্রতিষ্ঠানের মূল্যায়ন ২৬ কোটি ৩ লাখ টাকা থেকে নামিয়ে আনা হয়েছে ৬ কোটি ৩ লাখ টাকায়। দুই প্রতিষ্ঠানের ক্ষেত্রেই মূল্যায়নের অঙ্কে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আর এই পরিবর্তনের পেছনে সরকারি নথি জালিয়াতির অভিযোগ সামনে এসেছে।
প্রথম মামলার অভিযোগে বলা হয়, ইকবাল ট্রেড লিমিটেডের ১৫১/এ/৫৪ নম্বর হোল্ডিংয়ের বার্ষিক মূল্যায়ন ২৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তা কমিয়ে ৫ কোটি ৮ লাখ ৪ হাজার ৮০০ টাকা করা হয়। অর্থাৎ বার্ষিক মূল্যায়ন কমানো হয় ২০ কোটি ৫৯ লাখ টাকার বেশি।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, মূল মূল্যায়ন প্রতিবেদন চসিকের প্রধান কার্যালয় থেকে সংশ্লিষ্ট রাজস্ব সার্কেলে পাঠানোর পর ফাইল ও আপিল ফরমে ঘষামাজা করে অঙ্ক পরিবর্তন করা হয়। পরে পরিবর্তিত মূল্যায়নের ভিত্তিতে কর নির্ধারণের কার্যক্রম পরিচালিত হয়। ২০২১-২২ অর্থবছরের প্রথম কোয়ার্টার থেকে পরবর্তী ১৪ কোয়ার্টারে এভাবে প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে সিটি করপোরেশন।

দ্বিতীয় মামলায় আরও স্পষ্টভাবে উঠে এসেছে সাদা ফ্লুইড ব্যবহারের অভিযোগ। দক্ষিণ মধ্যম হালিশহরের মেসার্স এহসান ব্রাদার্স লিমিটেডের ১৮১/৩০১ নম্বর হোল্ডিংয়ের বার্ষিক মূল্যায়ন প্রথমে ২৬ কোটি ৩ লাখ ১৯ হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ফিল্ড বুকের ১০ নম্বর পৃষ্ঠায় সাদা ফ্লুইড ব্যবহার করে আগের অঙ্ক পরিবর্তন করা হয়। পরে মূল্যায়ন দাঁড়ায় ৬ কোটি ৩ লাখ ১৯ হাজার ২৫০ টাকা।

দুদকের হিসাবে, এভাবে তিন বছরে এ প্রতিষ্ঠানের কাছ থেকে কম কর আদায়ের কারণে সিটি করপোরেশনের প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। দুটি প্রতিষ্ঠানের ঘটনায় মোট রাজস্ব ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৬ কোটি ৮০ লাখ টাকা।

মামলায় চসিকের রাজস্ব সার্কেল-৮-এর সাবেক কর কর্মকর্তা মোহাম্মদ রুকন আলম, সাবেক উপ-কর কর্মকর্তা মো. আবদুল কাদের, রাজস্ব সার্কেল-৯-এর সাবেক কর কর্মকর্তা তপন প্রকাশ সেন, সার্কেল-৮-এর সহকারী কর আদায়কারী মো. মনজুর মোর্শেদ এবং সার্কেল-৯-এর হিসাব সহকারী রূপসী রানী দেব ও মোহাম্মদ আহসান উল্লাহকে আসামি করা হয়েছে।

এ ছাড়া ইকবাল ট্রেড লিমিটেডের মালিকপক্ষের ইউসুফ আবদুল্লাহ হারুন এবং মেসার্স এহসান ব্রাদার্স লিমিটেডের মালিক হাজী মো. আবুল কালামকেও আসামি করা হয়েছে।

দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর উপপরিচালক মো. আল আমিন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স নির্ধারণ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি রাজস্ব আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কমিশনের নির্দেশে পৃথক দুটি মামলা করা হয়েছে। তদন্তে আরও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img