বিদ্যায়তনিক নাট্যশিক্ষার রূপকার জিয়া হায়দার, যে মানুষটির স্বপ্নের প্রতিষ্ঠানেই তাঁর স্মৃতি কতটা সংরক্ষিত? লিখেছেন পায়েল বিশ্বাস :
কোর্স থেকে বিভাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যশিক্ষার সূচনা, বিকাশ এবং এক স্বপ্নদ্রষ্টার দীর্ঘ লড়াই একটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কেবল তার প্রতিষ্ঠার সাল, ভবন কিংবা বিভাগসংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেই ইতিহাসের ভেতরে থাকে কিছু মানুষের স্বপ্ন, শ্রম, দূরদর্শিতা এবং সময়ের চেয়ে এগিয়ে থাকা কিছু উদ্যোগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যশিক্ষার বিকাশের ইতিহাসও তেমনই এক দীর্ঘ পথচলার গল্প। আর এই গল্পের সঙ্গে যে মানুষটির নাম গভীরভাবে জড়িয়ে আছে, তিনি অধ্যাপক জিয়া হায়দার।
যে সময়ে তৎকালীন পাকিস্তানের পূর্বাঞ্চলে নাটককে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিদ্যাচর্চার বিষয় হিসেবে প্রতিষ্ঠা করার চিন্তাটিই খুব পরিচিত ছিল না, সে সময়ে তিনি নাট্যশিক্ষার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো নির্মাণের স্বপ্ন দেখেছিলেন। তাঁর কাছে নাটক কেবল মঞ্চে অভিনয়ের বিষয় ছিল না; নাটক ছিল সাহিত্য, ইতিহাস, সমাজ, নন্দনতত্ত্ব, দর্শন ও সংস্কৃতির সমন্বিত একটি জ্ঞানশাখা। সেই উপলব্ধি থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যশিক্ষার প্রাথমিক যাত্রায় তাঁর ভূমিকা হয়ে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ছয় দশক পূর্ণ হওয়ার এই সময়ে ফিরে দেখা প্রয়োজন, কীভাবে একটি পাঠ্যবিষয় থেকে নাট্যশিক্ষা ধীরে ধীরে স্বতন্ত্র বিভাগে পরিণত হলো। একই সঙ্গে প্রশ্ন তোলা দরকার, যে মানুষটি এই প্রাতিষ্ঠানিক স্বপ্নের ভিত নির্মাণে এতটা শ্রম দিয়েছিলেন, তাঁর স্মৃতি ও কাজের যথাযথ সংরক্ষণে আমরা কতটা আন্তরিক?
দোহারপাড়া থেকে বিশ্বনাট্যের পাঠশালা
জিয়া হায়দারের জন্ম ১৯৩৬ সালের ১৮ নভেম্বর পাবনার দোহারপাড়ায়। তাঁর পূর্ণ নাম শেখ ফয়সাল আবদুর রউফ মোহাম্মদ জিয়াউদ্দিন হায়দার। বাবা শেখ মোহাম্মদ হাকিম উদ্দিন এবং মা রহিমা খাতুন। শৈশবের শিক্ষাজীবন শুরু হয় বাবার প্রতিষ্ঠিত রূপপুর প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তী সময়ে তিনি পাবনা জিলা স্কুলে পড়াশোনা করেন।
১৯৫২ সালে গোপালচন্দ্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন, ১৯৫৬ সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে আইএ, ১৯৫৮ সালে রাজশাহী কলেজ থেকে বাংলা সাহিত্যে সম্মান এবং ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।শিক্ষাজীবন শেষ করে তিনি ১৯৬১ সালে সাপ্তাহিক ‘চিত্রালী’তে কাজ শুরু করেন। পরে সরকারি তোলারাম কলেজে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর পাকিস্তান টেলিভিশনে সিনিয়র প্রডিউসার হিসেবেও দায়িত্ব পালন করেন।
নাট্যশিক্ষায় উচ্চতর জ্ঞান অর্জনের জন্য তিনি যুক্তরাষ্ট্রের ইস্ট-ওয়েস্ট সেন্টারের বৃত্তি লাভ করেন। ১৯৬৬-৬৭ শিক্ষাবর্ষের জন্য বৃত্তি পেলেও সরকারি তোলারাম কলেজ থেকে যথাসময়ে অব্যাহতি না পাওয়ায় তাঁর বিদেশযাত্রা পিছিয়ে যায়। পরবর্তী সময়ে তিনি হাওয়াই বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায় এমএফএ ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া সান ফ্রান্সিসকো স্টেট কলেজ, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে নাট্যবিষয়ক প্রশিক্ষণ ও অধ্যয়নের সুযোগ পান।
১৯৬৯ সালে অধ্যাপক সৈয়দ আলী আহসানের আমন্ত্রণে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এখান থেকেই তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। বিশ্ববিদ্যালয়ে নাট্যশিক্ষার প্রাতিষ্ঠানিক ভিত্তি নির্মাণ এবং চট্টগ্রামের নাট্যচর্চাকে সংগঠিত করার কাজে তিনি নিজেকে যুক্ত করেন।
২০০৮ সালের ২ সেপ্টেম্বর তাঁর জীবনাবসান ঘটে। বাংলা একাডেমি পুরস্কার পান ১৯৭৭ সালে এবং একুশে পদকে ভূষিত হন ২০০১ সালে। একজন কবি, নাট্যকার, অনুবাদক, নাট্যতাত্ত্বিক, শিক্ষক ও সংগঠক হিসেবে তাঁর কর্মপরিধি ছিল বিস্তৃত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যশিক্ষার ছয়টি গুরুত্বপূর্ণ পর্যায়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যশিক্ষার বিকাশ কোনো একদিনে ঘটেনি। কয়েক দশক ধরে বিভিন্ন পর্যায়ে এর পাঠক্রম, পরিসর ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠেছে। এই ধারাবাহিকতায় কয়েকটি সময় বিশেষভাবে উল্লেখযোগ্য।
প্রথম পর্যায়: ১৯৬৯- বাংলা বিভাগে নাট্যতত্ত্বের পাঠ
১৯৬৯ সালে তৎকালীন পাকিস্তানের পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে নাট্যতত্ত্ব পড়াশোনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নাট্যশিক্ষার প্রাতিষ্ঠানিক সূচনা ঘটে। অধ্যাপক জিয়া হায়দার বাংলা বিভাগের শিক্ষার্থীদের নাট্যসাহিত্য বিশ্লেষণ এবং নাট্যতত্ত্বের পাঠ দিতেন। নাটককে শুধু অভিনয়ের বিষয় হিসেবে নয়, সাহিত্য, ইতিহাস, নন্দনতত্ত্ব ও তত্ত্বের সমন্বিত বিদ্যাচর্চা হিসেবে দেখার যে প্রবণতা, তার ভিত তৈরি হতে থাকে এই সময়ে।
দ্বিতীয় পর্যায়: ১৯৭০-চারুকলা বিভাগে নাট্যকলা সহায়ক বিষয়
১৯৭০ সালে, অর্থাৎ পাকিস্তান আমলেই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মধ্যে যেসব গুরুত্বপূর্ণ বিষয় ও বিভাগ চালু হয়েছিল, চারুকলা ছিল তার অন্যতম। এই বিভাগে চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য ও নাট্যকলাসহ বিভিন্ন শিল্পকলাকে একই প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। সেই পাঠক্রমে নাট্যকলাও একটি সহায়ক বা সাবসিডিয়ারি বিষয় হিসেবে যুক্ত হয়। চারুকলার শিক্ষার্থীদের পাশাপাশি বাংলা ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীরাও নাট্যকলা পড়ার সুযোগ পেতেন। সংশ্লিষ্টদের স্মৃতিচারণে অন্যান্য বিভাগের শিক্ষার্থীদেরও এই পাঠক্রমে অংশ নেওয়ার তথ্য পাওয়া যায়। এটি ছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ নাটককে একটি স্বতন্ত্র শিল্পমাধ্যম হিসেবে বোঝার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিল্প ও জ্ঞানশাখার সঙ্গে তার সম্পর্ক তৈরির সুযোগও তৈরি হয়েছিল।
তৃতীয় পর্যায়: ১৯৮৫-৮৬-স্নাতকোত্তর পর্যায়ে নাট্যশিক্ষা
পরবর্তী সময়ে নাট্যশিক্ষাকে আরও বিস্তৃত ও বিশেষায়িত করার উদ্যোগ নেওয়া হয়। ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে নাট্যকলায় স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা চালু হয়। এই পর্যায়ে প্রথম দিকের শিক্ষার্থীদের মধ্যে ছিলেন জোবায়দুর রশীদ। শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন কামালউদ্দিন নীলু। ফলে নাট্যশিক্ষা আর কেবল সহায়ক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকল না; উচ্চতর পর্যায়ে নাট্যচর্চা ও গবেষণার একটি নতুন পরিসর তৈরি হলো।
চতুর্থ পর্যায়: ১৯৯১-৯২-স্নাতক সম্মান কোর্সের সূচনা
১৯৯১–৯২ শিক্ষাবর্ষে নাট্যকলায় স্নাতক সম্মান কোর্স চালু হয়। এই কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ছিলেন আলী আহমেদ মুকুল ও মোস্তফা কামাল যাত্রা। স্নাতক সম্মান কোর্স চালুর সময় শিক্ষক হিসেবে যুক্ত হন রহমত আলী। এই পর্যায়টি নাট্যশিক্ষার ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এর মধ্য দিয়ে নাট্যকলায় পূর্ণাঙ্গ স্নাতক পর্যায়ের পাঠক্রমের সুযোগ তৈরি হয়। শিক্ষার্থীরা নাট্যসাহিত্য, অভিনয়, নির্দেশনা, মঞ্চব্যবস্থা, নাট্যতত্ত্বসহ বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে পড়াশোনার সুযোগ পান।
পঞ্চম পর্যায়: ১৯৯৪-৯৫- স্নাতকোত্তর পাঠক্রমের বিস্তার
১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ের পাঠক্রমের ধারাবাহিকতা আরও সুসংহত হয়। এই পর্যায়ে আলী আহমেদ মুকুল ও মোস্তফা কামাল যাত্রার মতো শিক্ষার্থীরা নাট্যশিক্ষার পরবর্তী ধাপে যুক্ত হন। বিশ্ববিদ্যালয়ে নাট্যশিক্ষার পাঠক্রম তখন ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ একাডেমিক কাঠামোর দিকে এগোচ্ছিল।
ষষ্ঠ পর্যায়: শিক্ষকসংকট, খণ্ডকালীন শিক্ষক এবং ধারাবাহিকতা রক্ষার লড়াই নাট্যশিক্ষার পরিসর বাড়লেও শিক্ষকসংকট একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় । প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত পূর্ণকালীন শিক্ষক না থাকায় বিভিন্ন সময়ে খণ্ডকালীন শিক্ষক ও নাট্যকর্মীদের সহযোগিতা পাঠক্রম চালিয়ে নেওয়া হয়। কুন্তল বড়ুয়া, অসীম দাশ ও রোকসানা করিম মুক্তির মতো শিক্ষকরা বিভিন্ন সময়ে এই শিক্ষাকার্যক্রমে যুক্ত ছিলেন।
এই দীর্ঘ যাত্রায় শিক্ষার্থীদের আগ্রহ, শিক্ষকদের শ্রম এবং নাট্যাঙ্গনের মানুষের সহযোগিতা নাট্যশিক্ষাকে সচল রেখেছে। শেষদিকের শিক্ষার্থীদের মধ্যে সুবীর মহাজনের নামও উল্লেখযোগ্য।
এই ইতিহাস থেকে বোঝা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যশিক্ষার বিকাশ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি কয়েক দশকের ধারাবাহিক প্রচেষ্টা, শিক্ষক-শিক্ষার্থী ও নাট্যকর্মীদের সম্মিলিত শ্রমের ফল।
একটি বিভাগের পেছনে সম্মিলিত আন্দোলন
নাট্যকলার পাঠক্রম চালু হওয়ার পর থেকেই একটি স্বতন্ত্র নাট্যকলা বিভাগের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। কিন্তু পাঠ্যক্রম থাকা আর একটি পূর্ণাঙ্গ বিভাগ প্রতিষ্ঠা করা এক বিষয় নয়। এর জন্য প্রয়োজন ছিল প্রশাসনিক উদ্যোগ, শিক্ষক নিয়োগ, অবকাঠামো, আর্থিক বরাদ্দ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত।
অধ্যাপক জিয়া হায়দার নাট্যশিক্ষাকে স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রতিষ্ঠার ব্যাপারে দীর্ঘদিন ধরে আগ্রহী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে লিখেছেন, উদ্যোগ নিয়েছেন এবং নাট্যশিক্ষার প্রাতিষ্ঠানিক ভবিষ্যৎ নিয়ে কাজ করেছেন। তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও শিক্ষাদানের প্রয়োজন বিবেচনায় তাঁর এলপিআর বা অবসর-পূর্ব ছুটির সময়সীমা পাঁচ বছর বাড়ানো হয়েছিল বলে জানা যায়। এ ক্ষেত্রেও অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।
তবে নাট্যকলা বিভাগ প্রতিষ্ঠার ইতিহাসকে একজন মানুষের একক কৃতিত্ব হিসেবে দেখার সুয়োগ নেই। এর পেছনে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাট্যাঙ্গনের সংগঠক, গ্রুপ থিয়েটারের কর্মী এবং দীর্ঘদিন ধরে নাট্যশিক্ষার সঙ্গে যুক্ত মানুষেরা। অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভাগ প্রতিষ্ঠার উদ্যোগকে এগিয়ে নেওয়া, প্রশাসনিক জট খুলে দেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তাঁর অবদান স্মরণযোগ্য। নাট্যাঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। রামেন্দু মজুমদারসহ নাট্যাঙ্গনের ব্যক্তিত্বদের সহযোগিতার কথাও এই ইতিহাসে স্মরণ করা প্রয়োজন।
অবশেষে ২০১০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র নাট্যকলা বিভাগ প্রতিষ্ঠিত হয়। জিয়া হায়দারের মৃত্যুর দুই বছর পর তাঁর দীর্ঘদিনের স্বপ্নের একটি প্রাতিষ্ঠানিক রূপ বাস্তবায়িত হয়। অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ বিভাগটির প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সময়ে পূর্ণকালীন শিক্ষক নিয়োগ, স্টুডিও সম্প্রসারণ এবং প্রয়োাজনীয় সরঞ্জাম সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। ভারতীয় দূতাবাসের সহযোগিতায়ও কিছু সরঞ্জাম সংগ্রহের তথ্য রয়েছে।
একটি বিভাগ প্রতিষ্ঠার পেছনে যে দীর্ঘ লড়াই ও সম্মিলিত প্রচেষ্টা ছিল, তার যথাযথ মূল্যায়ন হওয়া জরুরি। একই সঙ্গে মনে রাখতে হবে, এই বিভাগের স্বপ্নদ্রষ্টাদের একজন ছিলেন জিয়া হায়দার।
জিয়া হায়দার: কবি, নাট্যকার, অনুবাদক ও নাট্যতাত্ত্বিক
জিয়া হায়দারকে কেবল নাট্যশিক্ষার প্রাতিষ্ঠানিক পথিকৃৎ হিসেবে দেখলে তাঁর সৃষ্টিশীল পরিচয়ের একটি বড় অংশ আড়ালে থেকে যায়। তিনি ছিলেন কবি, নাট্যকার, অনুবাদক, নাট্যতাত্ত্বিক এবং নাট্যবিষয়ক লেখক। বাংলা নাট্যসাহিত্য ও বিশ্বনাট্যের সঙ্গে বাঙালি পাঠক ও নাট্যকর্মীদের পরিচয় ঘটাতে তাঁর অনুবাদ ও গবেষণামূলক কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তাঁর সাহিত্যকর্মে কবিতা, মৌলিক নাটক, অনুবাদ, নাট্যবিষয়ক প্রবন্ধ ও গবেষণার পরিচয় পাওয়া যায়। তাঁর নাট্যচিন্তায় পাশ্চাত্য নাট্যতত্ত্বের পাশাপাশি দেশীয় নাট্যরীতি ও সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ ছিল। নাটককে তিনি কেবল মঞ্চের বিনোদন হিসেবে দেখেননি; বরং সমাজ ও মানুষের জীবন উপলব্ধির একটি শিল্পমাধ্যম হিসেবে বিবেচনা করেছেন।
তাঁর মৌলিক নাটকের মধ্যে ‘স্মৃতি একাত্তর’ বিশেষভাবে উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধের স্মৃতি ও জাতীয় ইতিহাসের সঙ্গে যুক্ত এই নাটকটি প্রথম মঞ্চায়িত হয় তির্যক নাট্যদলের প্রযোজনায়, আহমদ ইকবাল হায়দারের নির্দেশনায়।
তাঁর প্রকাশিত নাটক, কবিতা, নাট্যবিষয়ক গ্রন্থ ও অনুবাদের তালিকা যথাযথভাবে সংকলন ও যাচাই করা জরুরি। কারণ একজন নাট্যকার ও নাট্যতাত্ত্বিকের মূল্যায়ন শুধু তাঁর মঞ্চস্থ নাটকের সংখ্যা দিয়ে হয় না; তাঁর লিখিত কাজ, অনুবাদ, চিন্তা ও গবেষণাও সমান গুরুত্বপূর্ণ।
যাত্রা, নাট্যরীতি ও নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের অনুসন্ধান
জিয়া হায়দারের নাট্যভাবনায় দেশীয় নাট্যরীতি ও লোকজ সাংস্কৃতিক উপাদানের প্রতি আগ্রহ ছিল। তিনি মনে করতেন, নাট্যচর্চা কেবল বিদেশি নাট্যরীতি অনুসরণের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। নিজস্ব সমাজ, ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবন থেকে নাটকের ভাষা ও প্রকাশভঙ্গি খুঁজে নিতে হয়।
এই ভাবনার সঙ্গে যাত্রা, লোকনাট্য এবং বাংলার প্রচলিত অভিনয়রীতির সম্পর্ক রয়েছে। দেশীয় নাট্যরীতির শক্তি ও সম্ভাবনা অনুধাবন করা তাঁর নাট্যচিন্তার একটি গুরুত্বপূর্ণ দিক। তাঁর কাছে আধুনিক নাট্যচর্চার অর্থ ছিলনা নিজের সাংস্কৃতিক শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। বরং বিশ্বনাট্যের অভিজ্ঞতা গ্রহণ করেও নিজস্ব সাংস্কৃতিক পরিচয়কে শক্তিশালী করা।
আজকের নাট্যশিক্ষায় এই ভাবনার গুরুত্ব আরও বেশি। কারণ বিশ্বায়নের সময়ে নাট্যচর্চার ভাষা ও রীতিতে নানা পরিবর্তন ঘটলেও নিজস্ব সংস্কৃতির সঙ্গে সংযোগ হারালে নাটকের সামাজিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
চট্টগ্রামের নাট্যচর্চায় তাঁর প্রভাব
চট্টগ্রামের গ্রুপ থিয়েটার আন্দোলনের সূচনাপর্বেও জিয়া হায়দারের ভূমিকা স্মরণযোগ্য। ১৯৭৩ সালে ‘থিয়েটার-৭৩’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে চট্টগ্রামে সংগঠিত গ্রুপ থিয়েটার চর্চার একটি গুরুত্বপূর্ণ সূচনা ঘটে। এই উদ্যোগে জিয়া হায়দার ছিলেন অগ্রণী সংগঠক ও শৈল্পিক নির্দেশক।
থিয়েটার-৭৩-এর প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি ছিলেন ড. আনিসুজ্জামান, যিনি পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে পরিচিতি লাভ করেন। সাধারণ সম্পাদক ছিলেন ড. মুহাম্মদ ইউনূস, যিনি পরবর্তী সময়ে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। জিয়া হায়দার এই কমিটির শৈল্পিক নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকায় নাগরিক নাট্য সম্প্রদায় গঠনের সময় যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংস্কৃতিমনা মানুষদের সংগঠিত করার উদ্যোগ দেখা যায়, চট্টগ্রামেও জিয়া হায়দার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাট্যকর্মীদের নিয়ে একটি সাংগঠনিক নাট্যচর্চার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখেন। তাঁর এই উদ্যোগ চট্টগ্রামের গ্রুপ থিয়েটার আন্দোলনের প্রাথমিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে।
পরবর্তী সময়ে চট্টগ্রামে অরিন্দম, গণায়ন, তির্যক নাট্যদলসহ বিভিন্ন নাট্যদলের বিকাশ ঘটে। এই দলগুলোর নিজস্ব কর্মধারা ও সাংগঠনিক ইতিহাস রয়েছে। তবে চট্টগ্রামে সংগঠিত গ্রুপ থিয়েটার চর্চার প্রাথমিক ভিত নির্মাণের ক্ষেত্রে থিয়েটার-৭৩ এবং জিয়া হায়দারের ভূমিকা আলাদা করে স্মরণ করা দরকার। বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস এবং চট্টগ্রামের অন্যান্য সাংস্কৃতিক উদ্যোগের ক্ষেত্রেও নাট্যশিক্ষা, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। নাট্যশিক্ষার সঙ্গে বাস্তব মঞ্চচর্চার সংযোগ তৈরি না হলে কোনো একাডেমিক বিভাগই পূর্ণতা পায় না। জিয়া হায়দারের চিন্তার একটি তাৎপর্য এখানেই—তিনি শিক্ষা ও মঞ্চকে আলাদা করে দেখেননি।
স্মৃতি সংরক্ষণ: উদ্যোগ ছিল, ধারাবাহিকতা কোথায়?
জিয়া হায়দারের স্মৃতি সংরক্ষণের প্রসঙ্গে নাট্যাধারের উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর মৃত্যুর পর নাট্যাধার ‘জিয়া হায়দার নাট্যপদক’ প্রবর্তন করে। এই পদকের মাধ্যমে নাট্যাঙ্গনে অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০১৯ সাল পর্যন্ত মোট ১৪ জন নাট্যব্যক্তিত্ব এই পদক পেয়েছেন।
কিন্তু দুঃখজনকভাবে ২০১৯ সালের পর থেকে পদকটি আর প্রদান করা হচ্ছে না। একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এভাবে বন্ধ হয়ে যাওয়া নিঃসন্দেহে হতাশাজনক। নাট্যাধারের সমন্বয়কসহ সংগঠনের সব পর্যায়ের সদস্যদের কাছে অনুরোধ থাকবে, তাঁরা যেন বিষয়টি নতুন করে বিবেচনা করেন। পদকটি পুনরায় চালু করা সম্ভব কিনা, সে বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
একজন নাট্যশিক্ষক, নাট্যকার ও সংগঠকের স্মৃতি ধরে রাখার জন্য যে সংগঠন এমন একটি উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখা তাদের জন্য সম্মানের বিষয়। কোনো উদ্যোগ শুরু করাই শেষ কথা নয়; তাকে বাঁচিয়ে রাখার দায়ও সংগঠনের থাকে।
চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামেরও কি কোনো দায় নেই?
চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম চট্টগ্রামের নাট্যদলগুলোর একটি গুরুত্বপূর্ণ সম্মিলিত প্ল্যাটফর্ম। এই ফোরামের সদস্য সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক যোগাযোগ রয়েছে। তাই জিয়া হায়দারের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর নাট্যভাবনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ফোরাম একটি কার্যকর ভূমিকা রাখতে পারে।
ফোরামের সদস্য নাট্যদলগুলো নিয়মিতভাবে জিয়া হায়দারের নাটক মঞ্চায়নের উদ্যোগ নিতে পারে। কোনো নাট্যকারের স্মৃতি ধরে রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো তাঁর সৃষ্টিকে জীবিত রাখা মঞ্চে ফিরিয়ে আনা, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। শুধু স্মরণসভা কিংবা আনুষ্ঠানিক বক্তব্যে একজন নাট্যকারের কাজ বেঁচে থাকে না।
ফোরাম বিভিন্ন নাট্যদলের সদস্যদের অংশগ্রহণে বেতারনাটক তৈরি ও প্রচারের উদ্যোগ নিয়ে থাকে। এই উদ্যোগের মধ্যেও জিয়া হায়দারের নাটক নির্বাচন করা যেতে পারে। তাঁর নাটক নিয়ে বেতারনাটক তৈরি করে প্রচার করলে যাঁরা মঞ্চে আসতে পারেন না, তাঁরাও তাঁর নাট্যরচনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া তাঁর নাট্যচিন্তা, নাট্যতত্ত্ব এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে নাট্যশিক্ষার গুরুত্ব নিয়ে কর্মশালা, পাঠচক্র ও আলোচনা সভার আয়োজন করা যেতে পারে। তাঁর জন্মদিন ও মৃত্যুবার্ষিকী প্রতিবছর সম্মিলিতভাবে পালন করার উদ্যোগও নিতে পারে ফোরাম।
ফোরামের সামনে যদি কোনো প্রতিষ্ঠাবার্ষিকী বা বড় সাংগঠনিক অনুষ্ঠান থাকে, সেখানেও জিয়া হায়দারকে স্মরণ করার একটি বিশেষ আয়োজন রাখা যেতে পারে। প্রশ্ন হচ্ছে, চট্টগ্রামের নাট্যাঙ্গনের এত বড় একটি সংগঠনের কর্মপরিকল্পনায় জিয়া হায়দারকে স্মরণ করার মতো একটি নির্দিষ্ট উদ্যোগ কি রাখা যায় না? এই প্রশ্ন কাউকে বিব্রত করার জন্য নয়; বরং সম্মিলিত দায়বদ্ধতার জায়গা থেকেই তোলা।
চট্টগ্রামের নাট্যকর্মী ও নাট্যদলগুলো যদি নিজেরাই তাঁদের নাট্য-ইতিহাসের গুরুত্বপূর্ণ মানুষদের স্মৃতি সংরক্ষণে এগিয়ে না আসে, তাহলে অন্য কারও কাছ থেকে সেই দায়িত্ব আশা করা কঠিন। গ্রুপ থিয়েটার ফোরাম চাইলে এই উদ্যোগে নেতৃত্ব দিতে পারে।
বিশ্ববিদ্যালয় কী করতে পারে?
জিয়া হায়দারের স্মৃতি সংরক্ষণের ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সবচেয়ে বেশি। কারণ এই বিশ্ববিদ্যালয়েই তিনি তাঁর জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন এবং নাট্যশিক্ষার প্রাতিষ্ঠানিক ভিত্তি নির্মাণে কাজ করেছেন। তাঁর স্বপ্নের প্রতিষ্ঠানেই যদি তাঁর কর্ম ও চিন্তার যথাযথ সংরক্ষণ না হয়, তাহলে সেটি আমাদের জন্য ভাবনার বিষয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়েকটি উদ্যোগ নিতে পারে
প্রথমত, নাট্যকলা বিভাগে জিয়া হায়দারের নামে একটি স্মারক বক্তৃতা বা বার্ষিক সেমিনার চালু করা যেতে পারে। সেখানে দেশ-বিদেশের নাট্যতাত্ত্বিক, গবেষক, শিক্ষক ও নাট্যকর্মীদের আমন্ত্রণ জানিয়ে তাঁর নাট্যভাবনা, অনুবাদ, গবেষণা ও শিক্ষাদর্শ নিয়ে আলোচনা করা সম্ভব।
দ্বিতীয়ত, তাঁর প্রকাশিত ও অপ্রকাশিত লেখা, চিঠিপত্র, অনুবাদ, নাটকের পাণ্ডুলিপি, ছবি, সাক্ষাৎকার এবং স্মৃতিচারণ সংগ্রহ করে একটি ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা যেতে পারে। তাঁর জীবন ও কর্ম নিয়ে গবেষণার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা দরকার।
তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে তাঁর নামে একটি পাঠাগার, গবেষণাকক্ষ বা স্মারক কর্নার প্রতিষ্ঠা করা যেতে পারে। সেখানে তাঁর বইয়ের পাশাপাশি নাট্যতত্ত্ব, বিশ্বনাট্য, অনুবাদ ও দেশীয় নাট্যরীতির গুরুত্বপূর্ণ গ্রন্থ সংরক্ষিত থাকবে।
চতুর্থত, তাঁর নাটক নিয়মিত পাঠ, মঞ্চায়ন ও গবেষণার আওতায় আনা যেতে পারে। নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা যেন তাঁর নাটক ও নাট্যভাবনা নিয়ে গবেষণা করেন, সে জন্য বিশেষ উদ্যোগ নেওয়া দরকার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পাঁচটি মুক্তমঞ্চ রয়েছে। এসব মুক্তমঞ্চের কোনো একটিকে তাঁর নামে নামকরণ করা যায় কি না, তা বিবেচনা করা যেতে পারে। এতে শিক্ষার্থীদের দৈনন্দিন সাংস্কৃতিক চর্চার সঙ্গে তাঁর স্মৃতি যুক্ত থাকবে।
এ ছাড়া নাট্যকলা বিভাগ, বাংলা বিভাগ, চারুকলা বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে তাঁর জন্মদিন ও মৃত্যুবার্ষিকী পালন করা যেতে পারে। স্মরণ অনুষ্ঠান যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে; বরং তাঁর কাজ নিয়ে গবেষণা, পাঠ ও মঞ্চচর্চার ধারাবাহিকতা তৈরি করে।
স্মরণ মানে শুধু ফুল দেওয়া নয়
জিয়া হায়দার এমন একজন মানুষ, যাঁর অবদানকে কেবল একটি স্মরণসভা বা ফুল দেওয়ার আনুষ্ঠানিকতার মধ্যে আটকে রাখা যায় না। তিনি যে সময়ে নাট্যশিক্ষার প্রাতিষ্ঠানিক ভবিষ্যৎ কল্পনা করেছিলেন, সে সময়ে সেই চিন্তা বাস্তবায়ন সহজ ছিল না। বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে নাট্যতত্ত্ব যুক্ত করা, নাট্যকলাকে সহায়ক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা, উচ্চতর শিক্ষা চালু করা এবং স্বতন্ত্র বিভাগের স্বপ্ন দেখা-এসবই ছিল দীর্ঘমেয়াদি চিন্তার অংশ।
আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগ রয়েছে। সেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করছেন, গবেষণা করছেন, মঞ্চনাটক তৈরি করছেন। কিন্তু এই অবস্থানে পৌঁছানোর পেছনে যাঁদের শ্রম ও স্বপ্ন রয়েছে, তাঁদের ইতিহাস কতটা নতুন প্রজন্মের কাছে পৌঁছেছে? একজন শিক্ষার্থী কি জানেন, তাঁর বিভাগের প্রাতিষ্ঠানিক যাত্রার সঙ্গে জিয়া হায়দারের নাম কতটা জড়িত? বিভাগের পাঠ্যক্রমে তাঁর নাট্যচিন্তা কতটা আলোচিত হয়? তাঁর বই, অনুবাদ ও নাট্যবিষয়ক লেখাগুলো কতটা সহজলভ্য?
এই প্রশ্নগুলো কেবল বিশ্ববিদ্যালয়ের জন্য নয়; চট্টগ্রামের সামগ্রিক নাট্যাঙ্গনের জন্যও প্রাসঙ্গিক। কারণ একটি শহরের নাট্যচর্চা তার অতীতকে ধারণ করতে না পারলে ভবিষ্যতের ভিতও দুর্বল হয়ে পড়ে।
জিয়া হায়দারকে স্মরণ করার অর্থ তাঁর নামে একটি অনুষ্ঠান করা নয়; তাঁর চিন্তা, কাজ ও স্বপ্নকে জীবিত রাখা। তাঁর নাটক মঞ্চস্থ করা, তাঁর লেখা পড়া, তাঁর নাট্যতত্ত্ব নিয়ে আলোচনা করা এবং নাট্যশিক্ষার প্রাতিষ্ঠানিক বিকাশে তাঁর অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করাই হতে পারে প্রকৃত শ্রদ্ধা।
শেষ কথা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যশিক্ষার ইতিহাসের দিকে তাকালে একজন দূরদর্শী মানুষের স্বপ্ন, অধ্যবসায় ও দীর্ঘ সংগ্রামের ছবি ভেসে ওঠে। সেই মানুষটি জিয়া হায়দার। তিনি এমন এক সময়ে নাট্যশিক্ষার প্রাতিষ্ঠানিক কাঠামো নির্মাণের কথা ভেবেছিলেন, যখন এই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সহজ ছিল না। তাঁর স্বপ্নের পথ ধরে একসময় নাট্যকলা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বিভাগের প্রতিষ্ঠা মানেই কি তাঁর কাজের পূর্ণ মূল্যায়ন?
একটি বিশ্ববিদ্যালয় তার ইতিহাসকে কতটা সম্মান করে, তা বোঝা যায় সে তার পথিকৃৎদের কতটা মনে রাখে, তাঁদের কাজ কতটা সংরক্ষণ করে এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের চিন্তা কতটা পৌঁছে দেয়, তার মধ্য দিয়ে।
জিয়া হায়দারকে স্মরণ করার দায় শুধু তাঁর পরিবার, শিক্ষার্থী কিংবা নাট্যকলা বিভাগের নয়। এই দায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, চট্টগ্রামের নাট্যাঙ্গনের, নাট্যদলগুলোর এবং বৃহত্তর সাংস্কৃতিক সমাজের।
কারণ মানুষ একদিন চলে যান, কিন্তু তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান থেকে যায়। আর সেই প্রতিষ্ঠান যদি তার স্বপ্নদ্রষ্টাকে ভুলে যায়, তবে সেটি শুধু একজন মানুষের প্রতি অবিচার নয়—নিজের ইতিহাসের প্রতিও অবহেলা।
তথ্যসূত্র ও সহায়ক উপাদান:
জিয়া হায়দারের জীবন ও কর্মবিষয়ক প্রকাশিত জীবনী ও স্মৃতিচারণ; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যশিক্ষার সূচনা ও বিকাশসংক্রান্ত তথ্য; অধ্যাপক ও নাট্যকর্মীদের বক্তব্য ও স্মৃতিচারণ; মোস্তফা কামাল যাত্রা স্যারের লেখা বিভিন্ন পত্রিকা কাটিং; নাট্যাধারের জিয়া হায়দার নাট্যপদকসংক্রান্ত তথ্য; চট্টগ্রামের গ্রুপ থিয়েটার আন্দোলনের ইতিহাসবিষয়ক প্রকাশনা ও প্রাসঙ্গিক নিবন্ধ।


