মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
spot_img

মানবিক মর্যাদা ও মানুষের অধিকার রক্ষায় ইসলামের অনন্য শিক্ষা

মোহাম্মদ হাসান : মানুষের মর্যাদা, সম্মান ও অধিকার প্রতিষ্ঠা ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা। ইসলাম মানুষকে কেবল একটি জীবিত সত্তা হিসেবে বিবেচনা করে না; বরং তার জীবন, ব্যক্তিস্বাধীনতা, সম্পদ, সম্মান ও মৃত্যুর পরের মর্যাদাকেও বিশেষ গুরুত্ব দিয়েছে। মানুষের প্রতি শ্রদ্ধা, ন্যায়বিচার, সহমর্মিতা ও মানবিক আচরণের যে অনন্য দৃষ্টান্ত ইসলাম স্থাপন করেছে, তা ধর্ম, বর্ণ, গোত্র কিংবা সামাজিক পরিচয়ের সীমারেখা অতিক্রম করে সমগ্র মানবজাতির জন্য প্রযোজ্য।

ইসলামী শরিয়তের মৌলিক উদ্দেশ্য বা মাকাসিদুশ শরিয়াহর মধ্যে রয়েছে দ্বিন, জীবন, বিবেক, বংশধারা ও সম্পদের সুরক্ষা। এসব উদ্দেশ্যের প্রতিটিই মানুষের অস্তিত্ব, অধিকার ও মর্যাদা রক্ষার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। অর্থাৎ মানুষের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করাই ইসলামী বিধানের অন্যতম প্রধান লক্ষ্য।

মানবিক মর্যাদা সবার জন্য সমান
পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই আমি আদমসন্তানকে মর্যাদা দান করেছি এবং স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি। তাদের উত্তম জীবিকা দিয়েছি এবং আমার সৃষ্টির অনেকের ওপর তাদের শ্রেষ্ঠত্ব দান করেছি।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ৭০)
এখানে মানবজাতির মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ের কোনো বিভাজন করা হয়নি। অর্থাৎ মানুষ হিসেবে প্রত্যেকেই সম্মান ও মৌলিক অধিকারের অধিকারী। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনেও এর উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। একবার তাঁর সামনে দিয়ে একজন ইহুদির মরদেহ নিয়ে যাওয়া হলে তিনি সম্মান জানিয়ে দাঁড়িয়ে যান। সাহাবিরা বিষয়টি উল্লেখ করলে তিনি বলেন, ‘সে কি মানুষ নয়?’ (সহিহ মুসলিম, হাদিস: ৯৬১)।এই ঘটনা প্রমাণ করে, মানুষের প্রতি সম্মান প্রদর্শন শুধু ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানবিক পরিচয়ই সম্মানের অন্যতম ভিত্তি।

জীবন রক্ষা ও ন্যায়বিচারের নিশ্চয়তা
ইসলামে মানুষের জীবনের নিরাপত্তা একটি অলঙ্ঘনীয় অধিকার। অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করাকে সমগ্র মানবজাতিকে হত্যার সঙ্গে তুলনা করা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যে ব্যক্তি কোনো প্রাণের বিনিময় অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার অপরাধ ছাড়া কাউকে হত্যা করল, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আর যে একজন মানুষের জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করল।’ (সুরা মায়িদা, আয়াত: ৩২)।
এই শিক্ষা স্পষ্ট করে যে, মানুষের জীবন কোনো ব্যক্তির খেয়ালখুশি, প্রতিহিংসা কিংবা ক্ষমতার অপব্যবহারের বিষয় নয়। কাউকে সন্দেহের বশে আক্রমণ করা, বিচারবহির্ভূতভাবে শাস্তি দেওয়া কিংবা ব্যক্তিগত আক্রোশে তার জীবন বিপন্ন করা ইসলামের ন্যায়বিচারের চেতনার সম্পূর্ণ পরিপন্থী।

অপবাদ, ভয়ভীতি ও নির্যাতন নিষিদ্ধ
মানুষের সম্মানহানি, অপবাদ, হুমকি ও মানসিক নির্যাতনকেও ইসলাম গুরুতর অন্যায় হিসেবে বিবেচনা করে। পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা নিরপরাধ নারী-পুরুষকে তাদের অনাকাঙ্ক্ষিত কাজের জন্য কষ্ট দেয়, তারা অপবাদ ও সুস্পষ্ট পাপের বোঝা বহন করবে। (সুরা আহজাব, আয়াত: ৫৮)।
রাসুলুল্লাহ (সা.) অন্যকে ভয় দেখানো এবং অস্ত্রের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করতে নিষেধ করেছেন। এর অন্তর্নিহিত শিক্ষা হলো, মানুষের নিরাপত্তা শুধু শারীরিক ক্ষতি থেকে সুরক্ষিত থাকার মধ্যে সীমাবদ্ধ নয়; তার মানসিক প্রশান্তি, সামাজিক সম্মান ও ব্যক্তিগত নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ।
বর্তমান সমাজে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, চরিত্রহনন, গুজব ছড়ানো, মিথ্যা অভিযোগ এবং ব্যক্তিগত আক্রমণের প্রবণতা বেড়েছে। অথচ ইসলামের শিক্ষা হলো, প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা যাবে না। অপরাধের বিচার হবে ন্যায়সংগত প্রক্রিয়ায়, ব্যক্তিগত প্রতিশোধ কিংবা জনতার আবেগের ভিত্তিতে নয়।

নিজের জীবন ও মানবসত্তার প্রতিও দায়িত্ব রয়েছে
ইসলাম অন্যের জীবন রক্ষার পাশাপাশি নিজের জীবনকেও আমানত হিসেবে বিবেচনা করতে শিক্ষা দিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তোমরা নিজেদের হত্যা কোরো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।’ (সুরা নিসা, আয়াত: ২৯)।
একইভাবে মানবজীবনের সূচনালগ্ন থেকেই তার সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যথার্থ শরিয়তসম্মত কারণ ছাড়া সন্তান হত্যা ও মানবভ্রূণের ক্ষতি করার বিষয়েও কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এর মাধ্যমে ইসলামের জীবনমুখী দর্শন এবং মানব অস্তিত্বের প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশ পায়।

মৃত্যুর পরও অক্ষুণ্ন থাকে মানুষের সম্মান
মানুষের মর্যাদা মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যায় না। মৃত ব্যক্তির দেহের প্রতি অসম্মান, অঙ্গহানি, বিকৃতি কিংবা অবমাননাকর আচরণ ইসলাম নিষিদ্ধ করেছে। মৃত ব্যক্তিকে যথাযথভাবে গোসল দেওয়া, কাফন পরানো, জানাজা ও দাফনের ব্যবস্থা করা মুসলিম সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাসুলুল্লাহ (সা.) মৃতদের গালমন্দ করতেও নিষেধ করেছেন। (সহিহ বুখারি, হাদিস: ৬৫১৬)।এ শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, মানুষের সম্মান কোনো সাময়িক বিষয় নয়। জীবিত কিংবা মৃত—প্রতিটি অবস্থাতেই তার প্রতি মর্যাদাপূর্ণ আচরণ করা মানবিক ও ধর্মীয় দায়িত্ব।

শ্রেষ্ঠত্বের মাপকাঠি মানবিকতা ও তাকওয়া
ইসলাম মানুষের মৌলিক মর্যাদা ও অধিকারকে সমানভাবে স্বীকার করলেও ব্যক্তিগত উৎকর্ষের ক্ষেত্রে জ্ঞান, নৈতিকতা, তাকওয়া ও মানবকল্যাণে অবদানকে গুরুত্ব দিয়েছে। সম্পদ, বংশ, ক্ষমতা কিংবা সামাজিক অবস্থান কাউকে প্রকৃত অর্থে শ্রেষ্ঠ করে না। মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায় তার কর্ম, চরিত্র ও অন্যের প্রতি আচরণে।
রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা অনুযায়ী, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে অন্য মানুষের জন্য বেশি উপকারী। এই আদর্শের মধ্যেই ইসলামের মানবকল্যাণমূলক দর্শনের প্রকৃত সৌন্দর্য নিহিত।
পরিশেষে বলা যায়, মানবিক মর্যাদা রক্ষা ইসলামের কোনো আনুষঙ্গিক শিক্ষা নয়; এটি তার নৈতিক ও সামাজিক দর্শনের অন্যতম ভিত্তি। ব্যক্তি, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র—সব পর্যায়েই এই মূল্যবোধের চর্চা জরুরি। ভিন্নমত, ভিন্ন ধর্ম কিংবা ভিন্ন সামাজিক পরিচয়ের কারণে কাউকে অপমান, নির্যাতন বা অধিকারবঞ্চিত করার সুযোগ নেই। ন্যায়বিচার, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক দায়িত্ববোধ প্রতিষ্ঠিত হলেই ইসলামের এই মহান শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত হবে। মানুষের মর্যাদা রক্ষার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণমুখী সমাজ। লেখক:সাংবাদিক ও কলামিস্ট

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img