নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) জাহাজ থেকে পণ্যভর্তি কন্টেইনার ওঠানামা বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে গুরুত্বপূর্ণ এ দুটি টার্মিনালের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার নামানো এবং রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলার কাজ বন্ধ হয়ে গেছে।পাশাপাশি বন্দর থেকে আমদানি পণ্য খালাস ও পরিবহন কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি হয়েছে। এই দুটি টার্মিনাল দিয়ে বন্দরের মোট কন্টেইনার ৬২ শতাংশ ওঠানামা হয়।
টার্মিনালের ক্রেন বন্ধ করে জেটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এ কর্মসূচিতে অংশ নিয়েছেন শত শত শ্রমিক। এনসিটি ও সিসিটির পাশাপাশি জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকেরাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন। এতে কর্মবিরতির পরিধি আরও বেড়েছে।
জেটিতে থাকা এক ক্রেন অপারেটর জানিয়েছেন, এনসিটি ও সিসিটি কাগজে-কলমে চিটাগাং ড্রাইডকের মাধ্যমে পরিচালিত হলেও বাস্তবে এসব টার্মিনালে কাজ করছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা। চিটাগাং ড্রাইডক বন্দর থেকে অর্থ নিয়ে সাইফ পাওয়ারটেককে দেয়। পরে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে।
ওই শ্রমিকের অভিযোগ, সাইফ পাওয়ারটেকের কাছ থেকে এনসিটির পরিচালনার দায়িত্ব চলে যাওয়ার পর এখন সিসিটিও তাদের হাতছাড়া হচ্ছে। এতে শ্রমিকেরা গ্র্যাচুইটিসহ বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব পাওনা পরিশোধের বিষয়ে বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলামকে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। বরং সময়ক্ষেপণ করা হয়েছে। এ কারণে বাধ্য হয়ে তারা কর্মবিরতি শুরু করেছেন।
আরেক ক্রেন অপারেটর আগামীর সময়কে বলেছেন, সর্বশেষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গতকাল সোমবার আমাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে সেখানে কোনো সমাধান দেননি। ফলে নিরুপায় হয়ে আমরা কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
এ বিষয়ে জানতে বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। বন্দরের মুখপাত্র সৈয়দ রেফায়েত হামিমের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার ওঠানামার প্রায় ৬২ শতাংশ হয় এনসিটি ও সিসিটি দিয়ে। এর মধ্যে এনসিটির মাধ্যমে প্রায় ৪৫ শতাংশ এবং সিসিটির মাধ্যমে প্রায় ১৬ শতাংশ কনটেইনার ওঠানামা হয়।এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। দরপত্র ছাড়াই সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে এ কনসেশন চুক্তি করা হয়েছে। কয়েক মাসের মধ্যে ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি হস্তান্তরের কথা রয়েছে। ততদিন পর্যন্ত চিটাগাং ড্রাইডকের মাধ্যমে টার্মিনালটি পরিচালনা করছে বন্দর কর্তৃপক্ষ।
অন্যদিকে সিসিটি পরিচালনার দায়িত্ব সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার প্রস্তাব নিয়ে এগোচ্ছে সরকার। এতদিন টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সিসিটি চিটাগাং ড্রাইডকের মাধ্যমে পরিচালনার প্রক্রিয়া চূড়ান্ত করছে সরকার। এমন পরিস্থিতিতে শ্রমিকদের কর্মবিরতিতে বন্দরের কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।


