ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বচাম্বী এলাকায় অবাধে চলছে বালু উত্তোলন ও পরিবহন। স্থানীয়দের অভিযোগ, ডলুখাল, ধূইল্যাখাল ও গরুরলোডা খালসহ বিভিন্ন এলাকায় অন্তত ১২টি পয়েন্টে ৩০টির বেশি ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে বালু তোলা হচ্ছে। পরে এসব বালু স্তূপ করে রাখা হচ্ছে বিভিন্ন স্থানে। সেখান থেকে দিন-রাত ট্রাক ও ডাম্পারে করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।
সরেজমিনে পূর্বচাম্বীর আমতলী এলাকায় ডলুখাল ও গরুরলোডা খালের মোহনায় গিয়ে দেখা যায়, একটি স্থানে বিপুল পরিমাণ বালু স্তূপ করে রাখা হয়েছে। স্থানীয়দের দাবি, সেখানে প্রায় লক্ষাধিক ঘনফুট বালু উত্তোলন করে মজুত করা হয়েছে। ওই বালু পরিবহনে অন্তত ১৫ থেকে ২০টি ট্রাক ও ডাম্পার নিয়মিত চলাচল করছে।

সরেজমিনে দেখা যায়, লট নম্বর-১০২ লেখা একটি ডাম্পারে বালু লোড করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, বালু উত্তোলন ও পরিবহনে নিয়োজিত বেশির ভাগ শ্রমিক ও গাড়ির মালিক পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
এ সময় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছবি তুললেও বালু উত্তোলন ও পরিবহনে জড়িতদের মধ্যে তেমন কোনো উদ্বেগ বা তৎপরতা দেখা যায়নি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি দুর্বল হওয়ার সুযোগে বালু উত্তোলনকারীরা দিন-রাত নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগেও এসব এলাকায় সাংবাদিকদের উপস্থিতি টের পেলে বালু উত্তোলনকারীরা দ্রুত সরে যেতেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী একটি মহলের ছত্রচ্ছায়ায় বালু উত্তোলনকারীরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে,ন সংবাদকর্মীদের উপস্থিতিকেও তারা আর গুরুত্ব দিচ্ছে না।
স্থানীয়দের উদ্বেগ, অব্যাহতভাবে বালু উত্তোলনের কারণে ডলুখাল, ধূইল্যাখাল ও গরুরলোডা ছড়ার বিভিন্ন অংশে বালুর পরিমাণ কমে গেছে। ফলে আগের পয়েন্টগুলোতে বালু কমে যাওয়ায় উত্তোলনকারীরা এখন আরও উজানের দিকে নতুন নতুন পয়েন্ট তৈরি করছে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গজালিয়া ইউনিয়নের ঢেঁকিছড়া, বাইশপাড়ি ও চিন্তাবরপাড়া এবং আজিজনগর ইউনিয়নের গরুরলোডার উজানের অংশ ও বাছুরীপাড়ায়ও নতুন করে বালু উত্তোলনের পয়েন্ট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এভাবে নদী, খাল ও ছড়া থেকে বালু উত্তোলন অব্যাহত থাকলে এসব জলপ্রবাহের স্বাভাবিক গতিপথ ও পরিবেশ-প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। একই সঙ্গে নদী-খালের তলদেশের ভারসাম্য নষ্ট হয়ে ভবিষ্যতে ভাঙন ও পানিপ্রবাহের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা তাদের।
এ বিষয়ে বক্তব্য জানতে বান্দরবানের জেলা প্রশাসক, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
স্থানীয়দের প্রশ্ন প্রশাসনের চোখের সামনে দিনের পর দিন যদি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও পরিবহন চলতে থাকে, তাহলে এই বেপরোয়া বালু উত্তোলনকারীদের লাগাম টানবে কে?


