নিজস্ব প্রতিবেদক: দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৫নং বুড়িশ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইফতেকারুল আলম সায়েম। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।এছাড়াও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দ তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন।
এদিকে একজন তরুণ ছাত্রনেতার ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আহত ছাত্রদল নেতা ইফতেকারুল আলম সায়েমের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।


