বিনোদন প্রতিবেদক: চট্টগ্রামে মঞ্চস্থ হয়েছে নাট্যদল ‘বয়ান শিল্পাঙ্গন’-এর চতুর্থ নিরীক্ষাধর্মী নাট্য প্রযোজনা ‘অ-মীমাংসিত’। চলচ্চিত্রকার, লেখক ও বীর মুক্তিযোদ্ধা জহির রায়হানের নিখোঁজ রহস্য ও ঐতিহাসিক সত্য অনুসন্ধানে নির্মিত হয়েছে নাটকটি। সায়েম উদ্দীনের রচনা ও নির্দেশনায় ১ ঘণ্টা ১০ মিনিটের এই ইন্টিমেট থিয়েটারের তিনটি উদ্বোধনী শো গত সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়।থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি)-এর লেকচার হলে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি প্রদর্শনীতেই দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে।
প্রচলিত বড় মঞ্চ, ড্রপ-সিন বা ভারী সেটের পরিবর্তে অন্তরঙ্গ পরিসরে দর্শক-অভিনেতার সরাসরি ঘনিষ্ঠতা ও ‘বডি মুভমেন্ট থিয়েটার’ আঙ্গিকে নাটকটি উপস্থাপন করা হয়। সেটহীন মঞ্চে কোরাসের শরীরী অবয়ব, সাধারণ আলো ও শিল্পীদের নিজস্ব শরীর মিলে দর্শকদের সামনে একটি ঘনিষ্ঠ নাট্য-অভিজ্ঞতা তুলে ধরে।

নাটকের গল্পে জহির রায়হানের জীবন-সংগ্রাম, ‘জীবন থেকে নেয়া’ ও ‘স্টপ জেনোসাইড’-এর রাজনৈতিক তাৎপর্য এবং ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মিরপুর ১২ নম্বরের মর্মান্তিক ঘটনা উঠে আসে। এ ছাড়া ১৯৯৯ সালের নূরী মসজিদের নিচের কঙ্কালের প্রসঙ্গ এবং প্রত্যক্ষদর্শী নায়েক আমির হোসেনের জবানবন্দির ভিত্তিতে অনল রায়হান ও সাংবাদিক জুলফিকার আলী মানিকের অনুসন্ধানী সত্য নাটকে নতুন মাত্রা যোগ করে। পাশাপাশি বর্তমান ডিজিটাল যুগের ভিউ-ব্যবসায়ী কনটেন্ট ক্রিয়েটর ও ইতিহাস বিকৃতকারী ভাঁড় চরিত্র সমকালীন সমাজের প্রতি তীব্র রাজনৈতিক স্যাটায়ার হিসেবে ফুটে ওঠে।জহির রায়হান, সুচন্দা, অনল রায়হানসহ কোরাসের বহুমাত্রিক চরিত্রে শিল্পীদের সুসংহত উপস্থাপনা দর্শকদের সাড়া জাগায়।

প্রযোজনা অধিকর্তা সাজু বড়ুয়া বলেন, “জহির রায়হানকে নিয়ে বছরের পর বছর ধরে জমে থাকা ধোঁয়াশা ও অপপ্রচারের বিপরীতে ঐতিহাসিক সত্য তুলে ধরতে চেয়েছি। নাটক শেষ হলেও দর্শকের মনে যেন প্রশ্ন থাকে—ইতিহাস কি মুছে ফেলা সম্ভব, নাকি সত্যের পুনর্গঠনে ভূমিকা রাখাটাই আজ বড় অ্যাকশন?”
দর্শকদের মতে, প্রসেনিয়াম নাটকের বাইরে গিয়ে অন্তরঙ্গ পরিসরে বডি মুভমেন্ট ও ঐতিহাসিক উপাদানের এমন সংযোজন নাট্যপাড়ায় একটি ব্যতিক্রমী কাজ হয়ে থাকবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রান্ত ভৌমিক, অবন্তি বিশ্বাস দিঘী, মুক্তা সাহা, প্রিয়ন্তী দে, আবদুল্লাহ মুহাম্মদ সাজিদ, পলক বড়ুয়া,রক্তিম বড়ুয়া ও অনিক বড়ুয়া।


