ডা. কিউ.এম. অহিদুল আলম : বাংলা সাহিত্যে অধ্যাপক আসহাব উদ্দিনের নাম রম্য সাহিত্যিক হিসেবে খ্যাত। তিনি একাধারে রাজীতিবিদ, শিক্ষক, সমাজসেবক। জীবনের ৮০ বছর পূর্ণতার বাঁকে বাঁকে ভোট প্রত্যক্ষ করেছেন বহুবার। তার লেখা বহু গ্রন্থের মাঝে একটা বইয়ের নাম ‘বন্দে ভোটারম’। ‘বন্দে মাতরম’ এর জন্য যেমন তার অনুগামীরা জানমাল উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করেন না, তেমনি সমগ্র উপমহাদেশে ভোটপন্থীরাও ভোট আসলেই ভাত- পানি ত্যাগ করে ভোটের বন্দনায় ঘুম হারাম করেন। কেবল যে প্রার্থীরা নিরলস পরিশ্রম করেন তা নয়, সমর্থকরাও সরস আলোচনা ও চা চক্রে মত্ত হয়ে পড়েন। ভোটের আবহটাই সংশ্লিষ্ট সবার রুটিন বদলে দেয়। কয়েক বছর পূর্বের সরকারকে কেউ বলে সেনা সমর্থিত সরকার, কেউ বলে তত্ত্বাবধায়ক সরকার। সেই সরকারের আমলে বিভিন্ন সামাজিক সংগঠনের নির্বাচন হয়েছে। স্কুল-কলেজ পরিচালনা কমিটির নির্বাচন হয়েছে আর্থিক সংযম লক্ষ্যণীয়ভাবে। পরবর্তী নির্বাচনগুলোর জমজমাট ভাব সবিশেষ লক্ষণীয়।
আমাদের দেশে ১৯৩৫ এর আগে ভোট ছিল না। সামন্ততান্ত্রিক পন্থায় নেতা নির্বাচিত হত। জনগণের বিশেষ কোন ভূমিকা নেতা নির্বাচনে ছিল না। ১৯৩৫ সনে ভারত শাসন আইনে স্থানীয় প্রশাসন গড়ে তোলার উদ্দেশ্যে নির্বাচন প্রথা গড়ে উঠে।
সেই শুরু থেকে আমার দাদা, নানা, বাপ, মামা সবাই নির্বাচন করতেন। বাপের দিক থেকে নির্বাচন বন্ধ হয়। সেই ১৯৬৪ সালে। কিন্তু মামা নানার গোষ্ঠী এখনো স্থানীয় প্রশাসন নির্বাচনে সক্রিয়। তখনো নির্বাচন মানে ‘চা-পান খাওয়ার’ উৎসব। শুধু কিছু পোস্টারিং আর চোঙ্গা ফুকিয়ে প্রার্থীর পক্ষে মিছিল, স্লোগান। কিন্তু বর্তমানে ভারত-পাকিস্তানে নির্বাচন প্রক্রিয়ায় যেভাবে মিলিয়ন রুপির সওদা হয়, তার ঢেউ আমাদের দেশেও লেগেছে। ডিজিটাল যুগে প্রচারণা, পোস্টারিং সব ডিজিটাল হয়ে গেছে। স্কুলের পরিচালনা পরিষদের ভোটে দাঁড়িয়ে এক ভদ্রলোক গ্রামে শুধু মাইক্রোবাসে ভোটার আনা নেওয়ার জন্য লক্ষ টাকা খরচ করেছেন। সমাজসেবীদের ভোটে দাঁড়ানোর ও তার জন্য নগদ খরচ করার এই উৎসাহ প্রশংসনীয়। প্রচারণায় অনেক নতুন নতুন টেকনিক সংযোজিত হচ্ছে। ভারত- পাকিস্তানের নির্বাচন সারা পৃথিবীর মাঝে বিশেষজ্ঞ গবেষণার দাবি রাখে। ব্যক্তিগত বিমানে উড়ন, নামী- দামি চিত্র তারকা, ক্রিকেট তারকার উপস্থিতি সেখানে নির্বাচন এক মহা উৎসব বা ‘কার্নিভালে’ পরিণত হয়। আমরা উঠতি পুঁজিবাদের দেশ, ক্রমান্বয়ে আমাদের দেশেও নির্বাচন উৎসব মুখরতায় পরিণত হচ্ছে। বিগত জাতীয় নির্বাচনের পর বিভিন্ন সামাজিক সংগঠনের নির্বাচনে তথ্য প্রযুক্তির ব্যবহার, অংশগ্রহণকারী সমাজসেবীদের পয়সা খরচের প্রতিযোগিতা লক্ষণীয়।
মোবাইলে অহরহ ফোন এবং ঈধংঃ ুড়ঁৎ ঠড়ঃব ভড়ৎ এই ধরনের মেসেজ আপনি যতই ডিলিট করবেন ততই আসতে থাকে। ডোর-টু-ডোর প্রচারণা তো আছেই। তবে নিজেদের প্রচারণা করতে গিয়ে রীতিমতো রাস্তা- ঘাট বন্ধ করে দেওয়াটা অন্যায়। বলা চলে অপরের নাগরিক অধিকার হরণ। সম্প্রতি একটি নির্বাচনে মেডিকেলের পূর্ব গেইটে গাড়ি চালানো মুশকিল ছিল, পোস্টারে সয়লাব, কিছুই দেখা যাচ্ছিল না, একইভাবে জিইসি’র মোড়েও সাধারণ নাগরিকদের অসুবিধা হয়, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সের চলাচলে বিঘ্ন ঘটে। কিন্তু সমাজসেবীরা তা আমলেই আনে না।
সম্প্রতি দুটো সমাজহিতৈষী সংগঠনের নির্বাচনে প্রাক- নির্বাচনী মেজবান অনুষ্ঠিত হয়। এটাও নতুন প্র্যাকটিস। মেজবান সাধারণত ভোট-যুদ্ধ জেতার পর হয়। কিন্তু ভোটারদের সম্মান বৃদ্ধির জন্য অথবা খাদ্যের ‘মুদ্রাগুন’ এর কথা চিন্তা করে প্রতিদ্বন্দ্বী সমাজসেবীরা ইদানীং প্রাক-নির্বাচনী মেজবান চালু করেছেন। যে কোন খাদ্য উৎসব মিল-মহব্বত বৃদ্ধি করে। পশুর ভালোবাসার প্রকাশ ঘটে জিহ্বা দিয়ে লেহনে মোচনে’ মানুষের ভালোবাসার প্রকাশ ‘খাদ্য- আপ্যায়নে’। কিন্তু আয়োজকরা যেহেতু ‘বন্দে ভোট- রম’ এর সৈনিক তাই ফাঁক-ফোকরও কম জানেন না। আয়োজনে এটা বিয়ে-শাদীর মত হাজারের জায়গায় বারো শতের হিসেবে হয় না। এখানে ভোটার তিন হাজার হলে আয়োজন দেড় হাজারে। কেউ দেখতে আসেন দেখেই চলে যান, কেউ না খেয়ে চলে যান। কেউ টেবিলে চেয়ার ধরে আগাম দাঁড়িয়ে থাকার সংবেদনশীল অবস্থা এড়াতে কেটে পড়েন এসব হিসেব করেই আয়োজকরা আয়োজন করেন। আবার ভোটাররাও কিছু মনে করেন না। কারণ এটা “বন্দে ভোটারম’ এর নতুন আবহ। এখানে সবকিছু হতে পারে। এরা সমাজসেবী, গাটের পয়সা খরচ করে সমাজসেবায় অংশগ্রহণ সহজ কথা নয়। এক দানবীর এক সমাজসেবা প্রতিষ্ঠানে নগদ অর্থ যাকাত দিয়েছিলেন। যিনি ভবিষ্যতের সমাজসেবী সংগঠনে ভোটে প্রার্থী হবেন তিনি এই অর্থ দিয়ে নিজের জন্য নিশ্চিত শ’-দুয়েক ভোটার করে নিয়েছেন, অর্থের অপচয় করেননি।
এক ভোটপর্বের পরের দিন ডিজিটাল টাইমে চট্টগ্রাম পুরান রেল স্টেশনে গেলাম সকাল সাতটায়। কনকনে শীতের সকাল। আমার থার্মোমিটারে ঘর থেকে বের হওয়ার আগে তাপমাত্রা মেপেছি ১১ সেন্টিগ্রেড, পুরাতন রেল ভবনের বাইরে ডজন ডজন লোক সমস্ত কাপড় জাতীয় সম্বল মুড়ি দিয়ে শোয়া। আমার মতো বহু গাড়িওয়ালা নির্বিকারে নিজ নিজ কাজ সারছেন। মনে পড়ে গেল ভোটের মেজবানের কথা। যে সমাজ এত বৈষম্যপূর্ণ ব্যবস্থাকে টিকিয়ে রাখে নির্বিকারে সেখানে আমাদের ধনী সমাজসেবীদের মন-মানসিকতার নতুন এবং টেকসই ওরিয়েন্টেশন প্রয়োজন। যে ছোট বাচ্চাটা কাঁথা তুলে সূর্যের আলো দেখতে সাহস করেছিল কনকনে কুয়াশা তাকে আবার মাথাটা লুকিয়ে নিতে বাধ্য করল। জীবনের এই আলেখ্য, মর্মন্তত। কেবল ‘বন্দে ভোটারম’ দিয়ে সমাজসেবা হয় না। সমাজ পরিবর্তন তো দিল্লি দূর অস্ত।
ডা. কিউ.এম অহিদুল আলম, বিশেষজ্ঞ চিকিৎসক, কলামিস্ট।


