বিনোদন ডেস্ক : সোনার দাম যখন আকাশছোঁয়া, ঠিক সেই সময় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। চেন্নাইয়ের এক নারী পরিচ্ছন্নতাকর্মীকে নিজের বাড়িতে ডেকে সোনার হার উপহার দিয়েছেন তিনি। শুধু তাই নয়, একই উপহার পেয়েছেন অভিনেতার এক অনুরাগীও।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরিচ্ছন্নতাকর্মী পদ্মার সঙ্গে একটি ছবি শেয়ার করেন রজনীকান্ত।ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মনের অন্তঃস্থল থেকে পদ্মাকে সম্মান জানালাম একটি সোনার হার দিয়ে। তিনি প্রকৃত অর্থেই একজন পরোপকারী মানুষ।’রজনীকান্তের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা অভিনেতার মানবিক উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হন।কেউ কেউ তো মন্তব্য করেন, পদ্মার সততার গল্প স্কুলের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা উচিত।
পদ্মার সততার গল্প ইতিমধ্যেই তামিলনাড়ু জুড়ে আলোচিত। কয়েকদিন আগে রাস্তায় পড়ে থাকা সোনার গয়নাভর্তি ৪৫টি প্যাকেট খুঁজে পান তিনি। কোনো লোভে না পড়ে সঙ্গে সঙ্গে সেগুলো পন্ডিবাজার থানায় পুলিশের হাতে তুলে দেন পদ্মা।
তার এই সততার স্বীকৃতিস্বরূপ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজে তাকে ১ লাখ রুপি নগদ পুরস্কার দেন।
এদিকে, দিনকয়েক আগেই রজনীকান্ত আরেক অনুরাগীকেও নিজের বাড়িতে ডেকে সোনার হার উপহার দেন। ওই অনুরাগী চেন্নাইয়ে রজনীকান্তের নামে একটি রেস্তোরাঁ চালান, যেখানে মাত্র পাঁচ টাকায় খাবার পাওয়া যায়। দরিদ্র মানুষদের অন্ন জোগানোর এই উদ্যোগেই মুগ্ধ হন অভিনেতা।


