উখিয়া প্রতিনিধি :কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এসময় আরো দুইজন গুরুতর আহত হয়। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আহমদ জানিয়েছেন। নিহত হলেন উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা বলি আমিনের স্ত্রী খুরশিদ বেগম।রোববার দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এফ, শেড-১১ এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
গুরুতর আহতরা হলেন উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত মোহাম্মদ সালামের স্ত্রী লায়লা বেগম ও বনি আমিনের পিতা বশির আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে ক্যাম্পের বাসিন্দা বলি আমিন তার স্ত্রী খুরশিদাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে খুরশিদা গুরুতর আহত হন। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন আইআরসি আইপিডি হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে রেফার্ড করেন। তবে এমএসএফ হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে ঘটনার সময় বাধা দিতে গেলে অভিযুক্ত স্বামী বলি আমিন ও নিহতের মা লায়লা বেগমও গুরুতর আহত হন। তাদের দুজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আহমদ বলেন নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


