খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনের অতি দুর্গম তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের হেলিপ্যাড থেকে হেলিকপ্টার উড়ে যায় দুর্গম শুকনাছড়ি কেন্দ্রে। পরে পর্যায়ক্রমে একই হেলিকপ্টারে করে লক্ষীছড়ির ফুত্যাছড়ি এবং দীঘিনালার নাড়াইছড়ি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হয়। কেন্দ্রগুলো হলো- দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষীছড়ি উপজেলার শুকনাছড়ি ও ফুত্যাছড়ি ভোটকেন্দ্র।ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার জটিলতার কারণে এসব কেন্দ্রকে জেলার সবচেয়ে দুর্গম হিসেবে বিবেচনা করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, শুধু ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জামই নয়; হেলিকপ্টারের মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা, আইন শৃংখলাবাহিনীর সদস্যদের ওই দুর্গম ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে।
এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতিমধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় সেনাবাহিনী, র্যাব ও বিজিবির যৌথ টহল জোরদার করা হয়েছে।
খাগড়াছড়ি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। জেলায় মোট ২০৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন প্রশাসন।


