মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
spot_img

ভোট করছে ৫১টি রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বিতায় ২ হাজার ৩৪ প্রার্থী

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল ভোট করছে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামীলীগ। এবারের নির্বাচনে সবমিলিয়ে দুই হাজারের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আড়াইশ’র বেশি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর এবারই প্রথম ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার সংসদ নির্বাচনের পাশাপাশি একইসঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। সেজন্য আগের নির্বাচনগুলোর চেয়ে এবার ভোটের সময় একঘণ্টা বাড়ানো হয়েছে।১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এদিন দেশের তিনশ’টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে একযোগে ভোট অনুষ্ঠিত হবে।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণার সময় শেষ হয়েছে। এখন কোনো প্রার্থী ভোটের প্রচারণা চালালে নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের দায়ে প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে কেউ প্রাচারণা চালাতে পারবে না। সে হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় নির্বাচনী প্রচার-প্রচারণার সময় শেষ হয়েছে।
এর আগে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো সভা-সমাবেশ করতে পারবেনা বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সন্ধ্যায় প্রকাশিত ইসির ওই বিবৃতিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা, অর্থাৎ ১০ই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো ধরনের জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দল ও প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার গতকাল সোমবার মধ্যরাতে শেষ হয়েছে; যদিও আজ সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারের সময় নির্ধারণ করা ছিল। গত ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর টানা প্রায় ২০ দিন উৎসবের আমেজে নির্বাচনী প্রচারে সরগরম ছিল সারা দেশ। আগামী বৃহস্পতিবার ভোটগ্রহণ ও ভোটের ফলাফলের অপেক্ষা। কোন দল বা জোট সরকার গঠন করবে তা নিয়ে আলোচনা সর্বত্র।
শেষ দিনের প্রচারে গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর একাধিক স্থানে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। সন্ধ্যার পর বিটিভিতে সম্প্রচারিত দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে তিনি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করে বলেন, ‘বেকার সমস্যা নিরসনের লক্ষ্যে ব্যাংক, বীমা, পুঁজিবাজারসহ দেশের অর্থনৈতিক খাতের সার্বিক সংস্কার ও অঞ্চলভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করা এবং শিল্প ও বাণিজ্যে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে-বিদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই অংশ হিসেবে দেশব্যাপী কারিগরি ও ব্যাবহারিক শিক্ষা প্রদানের মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও গতকাল রাজধানীতে কয়েকটি জনসভায় যোগ দেন এবং সন্ধ্যায় বিটিভিতে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, ‘দেশকে বিভেদ ও বিভাজনের রাজনীতি থেকে বদলাতে চাই। দেশে শান্তি ফিরে আসুক। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই।’
নির্বাচন কমিশন গতকাল জানিয়ে দিয়েছে, ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা ও ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ আজ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব গতকাল সাংবাদিকদের জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে। বড় আকারের মিছিল, সভা ও শোডাউন বন্ধ থাকবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা বন্ধ রাখতে মনিটর করা হবে। এ জন্য কমিশনের একটি আলাদা সেল কাজ করছে।
আজ মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সাধারণ যানবাহন হিসেবে ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বুধবার মধ্যরাত ১২টা থেকে বৃহস্পতিবার মধ্যরাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে যানবাহন বা মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে।
এবারের নির্বাচনী কার্যক্রমে তুলনামূলকভাবে সহিংসতা কম থাকলেও আইন মানার ক্ষেত্রে শৈথিল্য দেখিয়েছেন অনেক প্রার্থী এবং তাঁদের সমর্থকরা। গত এক মাসে সারা দেশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ২৫৯টি মামলা দায়ের করেছেন ভ্রাম্যমাণ আদালত। সর্বশেষ তিন দিনেও ছিল কড়া নজরদারি।সূত্র: বিবিসি

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img