অনলাইন ডেস্ক : নির্বাচনি দায়িত্ব শেষে ফেরার পথে চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক আনসার সদস্য নিহত হয়েছেন।এ ঘটনায় আরও অন্তত ১০ জন সদস্য গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় চট্টগ্রামের কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানান বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান।
তিনি বলেন, ২৩ জন আনসার সদস্য বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে উঠে উল্টে যায়। ঘটনাস্থলেই আনসার সদস্য মো. আব্দুল জব্বার নিহত হন।আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম বিএনএস হাসপাতালের আইসিইউতে এবং সাতজনকে এইচডিইউতে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।নিহত আব্দুল জব্বারের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। তিনি পতেঙ্গাস্থ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মরত ছিলেন এবং অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করছিলেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি নিহত সদস্যের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
আনসার বাহিনী জানিয়েছে, গতকাল সারাদেশে নির্বাচনী দায়িত্বে আনসার ও ভিডিপির ৫ লাখ ৭৬ হাজারের বেশি সদস্য নিয়োজিত ছিলেন। বিপুলসংখ্যক সদস্যকে নিরাপদে দায়িত্বস্থলে প্রেরণ ও প্রত্যাবর্তন নিশ্চিত করা ছিল বড় চ্যালেঞ্জ। দেশের অন্য কোথাও বড় ধরনের দুর্ঘটনার খবর না মিললেও চট্টগ্রামের এই ঘটনা বাহিনীতে শোকের ছায়া ফেলেছে।


