খবর বিজ্ঞপ্তি: বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শনিবার সকাল ৮টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মোহাম্মদ জসিম,টিভি ও বেতার শিল্পী কাজল দত্ত,সমাজ সেবক দীপংকর চৌধুরী কাজল, রাজনীতিবিদ মিটুল দাশগুপ্ত, সাংবাদিক স্বপন মল্লিক, মোহাম্দ রহিম,প্রবীর দাশগুপ্ত নন্তু, কমল বড়ুয়া, ভগবান বোস,এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল দাশসহ অন্যান্য বিশিষ্টজন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ভাষা আন্দোলনের গৌরবময় পথ ধরেই মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে এবং তার মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। ভাষা শহিদদের আত্মত্যাগ আমাদের জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে এবং যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আমাদের হৃদয়ে তারা চির জাগ্রত থাকবেন। বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, ভাষা আন্দোলনের ৭৪ বছর এবং স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও এখনো ভাষা শহিদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন সর্বক্ষেত্রে প্রতিফলিত হয়নি। দেশে এখনো বিভিন্ন স্থানে ইংরেজি ভাষায় সাইনবোর্ড ব্যবহার, বিয়ের নিমন্ত্রণপত্রে ইংরেজির প্রাধান্য এবং উচ্চ আদালতে বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যবহার চালু না হওয়ায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেন। পরিশেষে বক্তারা একমাত্র বিদেশিদের সঙ্গে যোগাযোগ ছাড়া রাষ্ট্রের সকল দাপ্তরিক কার্যক্রমে বাংলা ভাষার বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করার জোর দাবি জানান। তাঁরা আরও বলেন, বিশ্বের উন্নত দেশগুলো তাদের নিজ নিজ মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান গবেষণা ও রাষ্ট্রীয় সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই আমাদেরও মাতৃভাষা বাংলার সর্বস্তরে প্রয়োগ নিশ্চিত করে ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করতে হবে।


