ক্রীড়া ডেস্ক: অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে শুভ সূচনা করেছে চট্টগ্রাম জেলা দল। বৃহস্পতিবার (৫ মার্চ) বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত কর্ণফুলী জোনের উদ্বোধনী দিনের ম্যাচে খাগড়াছড়ি জেলা দলকে ৩-০ গোলে হারিয়েছে তারা। খেলার প্রথমার্ধের ২৮ মিনিটে প্লেসিং শটে চট্টগ্রাম এগিয়ে দেয় সায়েম। দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে চট্টগ্রাম। এই অর্ধ্বের ৩০ মিনিটে অধিনায়ক সাবিদ খানকে দিয়ে দ্বিতীয় গোল নিশ্চিত করে। এরপর ৩৫ মিনিটে আবদুল করিম শেষ পেরেক টুকে দিলে ব্যবধান হয় ৩-০। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিশ্চিত করে চট্টগ্রাম জেলা দল।ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাবিদ খান নিরব। তার হাতে পুরস্কার তুলে দেন সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ ও বিএফএ কর্মকর্তারা।এর আগে দিনের প্রথম ম্যাচে স্বাগতিক বান্দরবান জেলা দল রাঙ্গামাটিকে ২-০ গোলে হারায়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের আহ্বায়ক জাবেদ রেজার পরিচালনায় এবং মাহাফুজুর রশিদ বাচ্চুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ রেজাউল করিম, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশীদ কাজল, বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বিএফএ সম্পাদক রফিকুল আলম, সদস্য নাসির উদ্দিন ও জসিম উদ্দিন তুষারসহ ক্রীড়া সংশ্লিষ্ট অন্যান্যরা।


