কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পৃথক দুটি অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকা থেকে ইয়াবার বড় চালান চট্টগ্রামের দিকে পাঠানোর প্রস্তুতি চলছে গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পায় কোস্ট গার্ডের একটি বিশেষ দল। এর পরিপ্রেক্ষিতে নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সন্দেহজনক একটি কাভার্ডভ্যান তল্লাশি করে পাটাতনের নিচে তৈরি গোপন চেম্বার থেকে প্রায় ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
পৃথক আরেক অভিযানে, কোস্ট গার্ডের নজরদারি জোরদার করার পর জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করবে। এর পরিপ্রেক্ষিতে কোস্ট গার্ড শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় নজরদারি বৃদ্ধি করে এবং বৃহস্পতিবার (২৬ মার্চ) মধ্যরাতে একটি সন্দেহজনক মাছ ধরার নৌকা বাংলাদেশ জলসীমায় প্রবেশ করলে তা আটক করা হয়।
তল্লাশি চালিয়ে নৌকাটিতে প্রায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এ ঘটনায় ৪ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।কোস্ট গার্ড জানায়, দুই পৃথক অভিযানে জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত নৌযান এবং কাভার্ড ভ্যানসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ড আরও জানিয়েছে, মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।


