অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে সরকার দলীয় সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনি সংসদ সদস্যদের জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করার এবং সংসদীয় বিতর্কে সক্রিয় অংশগ্রহণে দিকনির্দেশনা দেন।শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ সচিবালয়ের সরকার দলীয় সভাকক্ষে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রীসহ উপস্থিত সংসদ সদস্যরা।জানা গেছে, বর্তমান সরকারের চলমান উন্নয়নমূলক কার্যক্রম, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জনস্বার্থ সংশ্লিষ্ট আইন প্রণয়নে সংসদ সদস্যদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
একইসঙ্গে সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
বৈঠকে সরকার দলীয় সংসদ সদস্যরা তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও রাজনৈতিক পরিস্থিতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্যের সঙ্গে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


