আন্তর্জাতিক ডেস্ক : ইরানে স্থল অভিযান চালানোর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক বিশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, পেন্টাগন কয়েক সপ্তাহ ধরেই ইরানে সম্ভাব্য স্থল অভিযানের বিস্তারিত পরিকল্পনা তৈরি করছে। তবে নির্ভর করছে হোয়াইট হাউসের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।ওয়াশিংটন পোস্ট জানায়, পরিকল্পনা বাস্তবায়িত হলে তা ‘যুদ্ধের নতুন একটি পর্যায়’ হিসেবে বিবেচিত হবে। এটি পূর্ণমাত্রার আক্রমণ না হলেও স্পেশাল অপারেশন বাহিনী এবং পদাতিক সেনাদের যৌথ অভিযান থাকতে পারে।প্রতিবেদনে আরও বলা হয়, ৪ হাজারের বেশি মার্কিন মেরিন এখন উপসাগরমুখী জাহাজে অবস্থান করছে, ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপাররা প্রস্তুত রাখা হয়েছে এবং অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়েও আলোচনা চলছে।
অভিযানের সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালির উপকূলীয় অঞ্চল। মার্কিন কর্মকর্তাদের দাবি, সম্ভাব্য অভিযান ‘মাস নয়, সপ্তাহব্যাপী’ হতে পারে।হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, ‘সর্বোচ্চ নমনীয়তা নিশ্চিত করতে পেন্টাগনকে প্রস্তুত রাখা প্রেসিডেন্টের দায়িত্ব। এর মানে এই নয় যে তিনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন।’
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র–ইসরায়েল যৌথ অভিযানের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ পর্যন্ত নিহত হয়েছেন ১৩ মার্কিন সেনা, আহত হয়েছেন ৩০০–এর বেশি। অপরদিকে ইরানে মার্কিন হামলায় নিহত হয়েছে ১ হাজার ৩০০–রও বেশি মানুষ। নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নামও উল্লেখ করেছে ওয়াশিংটন পোস্ট।
ইরান পাল্টা হামলায় ইসরায়েল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় বিভিন্ন দেশের লক্ষ্যবস্তুর দিকে আঘাত হেনে চলেছে।


