নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়ায় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে এক যুবদলকর্মীর ওপর হামলা চালানো হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পালটা হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হন।সোমবার (৬ এপ্রিল) দুপুরে নগরীর বলুয়ার দীঘিরপাড় ও বউবাজার এলাকায় দফায় দফায় এসব সহিংসতা ঘটে।আহত যুবদলকর্মীর নাম মিনহাজ উদ্দিন। যুবদলের প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত মিনহাজ উদ্দিন বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার মৃত মিজানের ছেলে এবং জাকির গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত। অপর আহত আরমান ওরফে এঞ্জেল একই থানার বউ বাজার এলাকার বাসিন্দা এবং সবুজ গ্রুপের অনুসারী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ১০ টায় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে মিনহাজের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
হামলার খবর ছড়িয়ে পড়লে দুপুর দেড়টায় দক্ষিণ বাকলিয়ার বউবাজার এলাকায় মিনহাজের অনুসারীরা পালটা হামলা চালায়। এ সময় আরমান ওরফে এঞ্জেলের ওপর হামলা করা হয় এবং তার বাড়িতে ভাঙচুর চালানো হয়। তিনি একটি বাসায় আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান। বলুয়ারদীঘি এলাকা কোতোয়ালী ও বাকলিয়া দুই থানার আওতাধীন হওয়ায় উভয় থানার পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসাইন মুহাম্মদ কবির ভুঁইয়া জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।এর আগে গত ৫ এপ্রিল একই থানার মিয়া খান নগর এলাকায় গোলাগুলি ও কোপানোর ঘটনায় শিশুসহ চারজন আহত হন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার এবং একটি শটগানসহ গুলি উদ্ধার করে।


