সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
spot_img

নান্দনিক রূপে সাজছে চট্টগ্রাম, পহেলা বৈশাখের উৎসব

নিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখে চট্টগ্রাম জেলা প্রশাসন ঐতিহ্যবাহী ডিসি হিল প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ শিরোনামে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে।

সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ-চট্টগ্রাম এর আয়োজনে প্রতি বছর ডিসি হিলে আয়োজন করা হতো এ অনুষ্ঠান। তবে এবার তাদের স্থান বদল করতে হয়েছে।৪৮তম আয়োজনটি ডিসি হিলের পরিবর্তে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটো।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসন ও রেলওয়ে পূর্বাঞ্চল জোনের আয়োজনে এবং সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন মঞ্চ-চট্টগ্রামের সহযোগিতায় সিআরবির শিরীষতলায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।বর্ষবিদায় ও বাংলা নববর্ষ বরণ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে ২ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এবারও উদীচী চট্টগ্রাম জেলা সংসদ আয়োজন করেছে বর্ষবরণ অনুষ্ঠান।সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশ জানান, ১৯৭৩ সালে চট্টগ্রামে প্রথমবারের মতো নববর্ষ উদযাপনের আয়োজন করেছিল উদীচী। এরই ধারাবাহিকতায় ১৪ এপ্রিল নন্দনকানন কাটাপাহাড় লেইনে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের।

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এর আয়োজনে বর্ষবরণ উৎসব ১৪ এপ্রিল জে এম সেন হল প্রাঙ্গণে, চলবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সংগঠনের সহ-সভাপতি আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী জানান, আবৃত্তি-সঙ্গীত-যন্ত্রসঙ্গীত-নৃত্য সহ নানান আয়োজনে সাজানো হয়েছে বোধনের বর্ষবরণ উৎসব।

পতেঙ্গা সৈকত এলাকায় চট্টগ্রাম সার্বজনীন ‘বৈসু, সাংগ্রাই, বিজু, বিষু, বিহু, সাংক্রান-২০২৬ উদযাপন কমিটি’র আয়োজনে ১৪ এপ্রিল সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। কমিটির কর্মকর্তা অরুণ জয় চাকমা জানান, ঐতিহ্যবাহী পাহাড়ি নৃত্য নিয়ে হেংগরঙ সাংস্কৃতিক একাডেমীর পরিবেশনা এবং বাঁশের তৈরি প্রদর্শনী ছাড়াও এদিন অনুষ্ঠান মাতাবেন পার্কি অনু, আরশি ত্রিপুরা, অনাবির চাকমা ও হেলেন দেওয়ান। থাকবে র‌্যাফেল ড্র।

পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের আয়োজনে ও টিম পতেঙ্গা এবং পতেঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সার্বিক সহযোগিতায় পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষবরণ ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে ১৩-১৪ এপ্রিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখের সকালে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হবে বৈশাখী শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন। শোভাযাত্রার পর জারুলতলায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন চবি প্রশাসনের উদ্যোগে আরও থাকবে কাবাডি ও বলি খেলা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা।

টাইগার পাস পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম নারী উদ্যোক্তা শক্তি’র আয়োজনে ৬দিনব্যাপী বৈশাখী উৎসব ও মেলা অনুষ্ঠিত হবে ১৩-১৮ এপ্রিল। এখানে থাকবে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ, ঘরোয়া কেক ও হোমমেড ফুড, হাতে মেহেদি আঁকা, মাটির তৈরি শো-পিস ও গৃহসজ্জার সামগ্রী, ঝাড়ু-মোড়া ও গ্রামীণ হস্তশিল্প, ড্রাই ফুড ও দেশিয় খাবারের বৈচিত্র্য, নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য, শিশুদের জন্য বিনোদন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ চমকপ্রদ সব আয়োজন।

পিটুপি ও উইকনের সহযোগিতায় পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির আয়োজনে ২দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে ১৩-১৪ এপ্রিল। প্রথমদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বর্ষবিদায়, ২য় দিন ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বর্ষবরণ অনুষ্ঠান চলবে জুলাই স্মৃতি উদ্যানে। কাজির দেউড়ি আউটার স্টেডিয়াম মুক্ত মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ, চট্টগ্রাম এর আয়োজনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে নববর্ষের অনুষ্ঠান।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি আয়োজিত পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠান ১৪ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মোজাফফর নগর ইউনিভার্সিটি ক্যাম্পাসে, চমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৪ এপ্রিল বৈশাখী মেলা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাস্কেটবল গ্রাউন্ডে, পথিকৃৎ পাঠাগারের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪ এপ্রিল বিকেল ৩টায় দেওয়ানজি পুকুরপাড়ে, রেডিসন ব্লু বে-ভিউতে ১৪ ও ১৫ এপ্রিল সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে বৈশাখী মেলা।

‘আলপনার রঙে নববর্ষ আবাহন’ শীর্ষক জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম আয়োজিত শতশিল্পীর অংশগ্রহণে রাজপথে আলপনা অংকন ১৩ এপ্রিল রাত ৮টায় এনায়েতবাজার বৌদ্ধ মন্দির সড়কে। দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনে নববর্ষ উদযাপন অনুষ্ঠান হবে এনায়েতবাজার মহিলা কলেজ প্রাঙ্গণে ১৪ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ফুলকি আয়োজিত ছোটদের বৈশাখী মেলা শুরু হল ১২ এপ্রিল বিকেল সাড়ে ৪টায়। ১৩ এপ্রিল বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে যুদ্ধবিরোধী মানববন্ধন, তানসেন ও নৃত্যাঞ্জলির পরিবেশনা, জাদু প্রদর্শনী ও মেলা। ১৪ এপ্রিল সকাল সাড়ে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে রক্তকরবীর পরিবেশনা, ব্রতচারী, ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শনী, গল্পের আসর ও মেলা। ছোটদের বৈশাখী মেলায় কুটুমকাটাম, খেলামেলা, আঁকিবুকি, চিত্রপ্রদর্শনী, পুরোনো ব্যবহার্য দ্রব্যের প্রদর্শনী, বইমেলাসহ প্রাঙ্গণজুড়ে থাকছে নানা আয়োজন।

এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল-মোটেল কর্তৃপক্ষ বর্ষবিদায় ও বরণ উপলক্ষে আয়োজন করেছে নানান অনুষ্ঠানের।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি সেবা নিশ্চিতকরণ, সমন্বিত টহল বৃদ্ধি, ভিড় ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

সিএমপি কমিশনার বলেন, বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব। এ উৎসবকে ঘিরে নগরবাসী যেন নিরাপদ ও নির্বিঘ্নে আনন্দ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সিএমপি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি নাগরিকদের সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img