সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

বর্ষার আগে খাল-নালা পরিষ্কারে জলাবদ্ধতা কমানো যাবে : মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : আসন্ন বর্ষা মৌসুমের আগেই খাল-নালা পরিষ্কার করা হলে জলাবদ্ধতা ৮০ শতাংশ কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাতে নগরের ৪১টি ওয়ার্ডে খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু করেছে চসিক। রোববার (১৯ এপ্রিল) নগরের জামালখানের লিচুবাগান এলাকায় একটি নালা পরিষ্কারের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র শাহাদাত।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, গত বছরের ধারাবাহিকতায় এবারও নগরের প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জামালখান থেকে শুরু হওয়া এ কার্যক্রম পর্যায়ক্রমে সব ওয়ার্ডে বাস্তবায়ন করা হবে।
শাহাদাত হোসেন বলেন, ড্রেনগুলো পরিষ্কার করা গেলে বর্ষাকালে জমে থাকা পানি দ্রুত নালার মাধ্যমে খালে এবং সেখান থেকে নদীতে প্রবাহিত হতে পারবে। একই সঙ্গে খাল সংস্কারের কাজও শুরু হয়েছে, যাতে সমন্বিতভাবে নগরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সম্ভব হয়।
তিনি বলেন, গত বছর খাল-নালা পরিষ্কারের মাধ্যমে ৫০ থেকে ৬০ শতাংশ জলাবদ্ধতা কমানো সম্ভব হয়েছিল। সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর সমন্বয়ে কাজ করা গেলে এবার ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত জলাবদ্ধতা কমানো সম্ভব হতে পারে।
জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে মেয়র বলেন, নগরবাসীর অসচেতনভাবে ময়লা-আবর্জনা ফেলার কারণে ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন ফেলার ফলে শুধু জলাবদ্ধতাই বাড়ছে না, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকিও বাড়ছে। তিনি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন মেয়র। তার মতে, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান চালিয়ে অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।
চসিক সূত্রে জানা গেছে, এবার প্রায় ৫০০টি ছোট নালা পরিষ্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। গত বছর ১৪৮টি নালা পরিষ্কার করা হয়েছিল। চলমান কার্যক্রমের কিছু অংশ ঠিকাদারের মাধ্যমে এবং বাকি কাজ চসিকের পরিচ্ছন্নতা কর্মীরা সম্পন্ন করবেন।
মেয়র বলেন, নালা পরিষ্কারের পর তোলা মাটি পাশে ফেলে রাখা হবে না, দ্রুত তা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বর্ষাকালে দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ নালা ও ম্যানহোলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
চসিকের এ বিশেষ কার্যক্রম তদারকিতে ১০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জানান মেয়র। তিনি বলেন, সরকার এরই মধ্যে এ খাতে ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থ সঠিকভাবে ব্যয় করা গেলে নগরের জলাবদ্ধতা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি আনা সম্ভব হবে। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের ২১ নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক সাহেদ বকসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img