নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখার দাবিতে সিএমপি কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রশিবির। সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মূলত মঙ্গলবার চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে আসেন সাদিক কায়েম।পরে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে সিএমপি পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেন তিন সহ ছাত্রশিবিরের নেতাকর্মীলা। সাংবাদিকদের সাদিক কায়েম অভিযোগ করেন, সিটি কলেজে বহিরাগতদের নিয়ে এসে ধারালো অস্ত্র, হকিস্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।এতে তাদের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। সংগঠনের এক নেতা আশরাফুল গুরুতর আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।হামলার সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের ছবি, ভিডিও ফুটেজ ও তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, স্বচ্ছ তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে। আহতদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।
ডাকসু ভিপি বলেন, জুলাই-পরবর্তী সময়ে দেশের মানুষ নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিল। কিন্তু ক্যাম্পাসে সহিংসতা ও পেশিশক্তির রাজনীতি সেই প্রত্যাশাকে ক্ষুন্ন করছে। প্রশাসন তাদের আশ্বস্ত করেছে। প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ সময় সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


