মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে বন ছেড়ে লোকালয়ে চলে আসা একটি মেছোবাঘের শাবক পর্যটকদের হাতে ধরা পড়ার পর বন বিভাগের তত্ত্বাবধানে উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে আবার বনে অবমুক্ত করা হয়।শনিবার (২৫ এপ্রিল) সকালে মিরসরাইয়ের মহামায়া ইকোপার্ক এলাকায় প্রাণীটিকে অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তারা।এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরদিঘী মহামায়া ইকোপার্কে বেড়াতে আসা কয়েকজন পর্যটক ক্যান্টিনের পাশে ঘুরতে থাকা মেছোবাঘের শাবকটি ধরে ফেলেন।পরে স্থানীয় বন বিভাগ খবর পেয়ে ঘটনাস্থল থেকে শাবকটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।বন বিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মো. আল আমিন জানান, শাবকটির বয়স আনুমানিক দুই মাস। সেটিকে সুস্থ অবস্থায় শনিবার সকালে বনে ছেড়ে দেওয়া হয়েছে।


