টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন কাটাখাল এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা ছয়টার দিকে ভারী বৃষ্টির মধ্যে এক সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।
বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরে ওই বস্তায় তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী মোড়কে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া সন্দেহভাজন মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।


