নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা নতুন কোনো ঘটনা নয়। সামান্য বৃষ্টি হলেই নগরবাসীর জীবনে নেমে আসে এক স্থায়ী দুর্ভোগের চিত্র। দীর্ঘদিনের এই সমস্যার ‘টেকসই সমাধানে’ এবার মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার ও জবাবদিহিমূলক করতে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। নগরের গুরুত্বপূর্ণ খাল ও জলাশয়গুলোর চলমান কার্যক্রম তদারকির জন্য গঠন করা হয়েছে ছয়টি পৃথক কমিটি।
মঙ্গলবার (৫ মে) চসিক সচিবালয় বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গঠিত কমিটিগুলোর সার্বিক কার্যক্রম তদারকি করবেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমান। এছাড়া চট্টগ্রাম ওয়াসার সঙ্গে সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে চসিকের সচিব ও প্রধান প্রকৌশলীকে।
খাল ও এলাকা ভিত্তিকভাবে হিজরা খাল, জামালখান, রামপুর, গুলজার, মনোহরদি এবং চাঁদগাঁও–মুরাদপুর এলাকার জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
হিজরা খাল তদারকি কমিটিতে আহ্বায়ক করা হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মো. শাহিন-উল-ইসলাম চৌধুরীকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পরিচ্ছন্ন কর্মকর্তা কল্লোল দাস। সদস্য হিসেবে রয়েছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, নির্বাহী প্রকৌশলী (পুর) ফারজানা মুক্তা এবং নির্বাহী প্রকৌশলী (পুর) মাহমুদ শাফকাত আমিন।
একইভাবে জামালখান খাল তদারকি কমিটিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মো. শাহিন-উল-ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে এবং পরিচ্ছন্ন কর্মকর্তা কল্লোল দাসকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার এবং নির্বাহী প্রকৌশলী (পুর) ফারজানা মুক্তা।
রামপুর খাল তদারকি কমিটিতে আহ্বায়ক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ এবং সদস্য সচিব পরিচ্ছন্ন কর্মকর্তা আলী আকবর। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) আবু সাদাত মোহাম্মদ তৈয়ব এবং নির্বাহী প্রকৌশলী (পুর) তাসমিয়া তাহসিন।
গুলজার খাল তদারকি কমিটিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে এবং পরিচ্ছন্ন কর্মকর্তা জাহেদুল্লাহ রাশেদকে সদস্য সচিব করা হয়েছে। পাশাপাশি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন এবং নির্বাহী প্রকৌশলী (পুর) আনোয়ার জাহান।
মনোহরদি খাল তদারকি কমিটিতে আহ্বায়ক করা হয়েছে প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীকে। আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ। এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান সোহেল।
চাঁদগাঁও-মুরাদপুর এলাকার গুরুত্বপূর্ণ খাল ও জলাশয়ে চলমান সার্বিক কার্যক্রমের তদারকি কমিটিতে আহ্বায়ক করা হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মো. ফরহাদুল আলমকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পরিচ্ছন্ন কর্মকর্তা আবু তাহের। আর সদস্য হিসেবে রয়েছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ, নির্বাহী প্রকৌশলী (পুর) মো. রিফাতুল করিম এবং নির্বাহী প্রকৌশলী (পুর) মাহমুদ শাফকাত আমিন।


