নিজস্ব প্রতিাবেদক: দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন ফেনীর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি। অবশেষে চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৬ মে) ফিরিঙ্গীবাজার এলাকার ২ নম্বর চুরিয়ালটুলি লেইন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাফর সাদেক (৫০)। তিনি ফেনীর মো. আব্দুর শুক্কুরের ছেলে।
পুলিশ সূত্র জানায়, ফেনী মডেল থানায় দায়ের হওয়া ২০১৩ সালের একটি মাদক মামলায় মো. জাফর সাদেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকলেও প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি মো. জাফর সাদেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’


