খবর বিজ্ঞপ্তি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে এক বিশেষ রবীন্দ্রসংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আগামী ৮ মে , শুক্রবার সন্ধ্যা ৬:৪৫ মিনিটে নগরীর থিয়েটার ইনস্টিটিউট (গ্যালারি হল)-এ বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। ‘হে নূতন দেখা দিক আর-বার’—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে রবীন্দ্রানুরাগীদের মাঝে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হবে সমবেত সংগীত ‘হে নূতন দেখা দিক আর-বার’ এবং ‘আকাশ ভরা সূর্য তারা’। এরপর সংস্থার তালিকাভুক্ত ও আমন্ত্রিত গুণী শিল্পীরা একক ও দ্বৈত গান পরিবেশন করবেন। সংগীত পরিবেশনায় অংশ নেবেন জাকিয়া তাসনিম লিপি, শ্যামলী বড়ুয়া, অন্তরা দাশ, রুমা মিত্র, বনানী শেখর রুদ্র, অলিলা দিয়া, কৃত্তু দত্ত, সায়ন্তী চক্রবর্তী, শেলী মল্লিক ও পৃথ্বীশ ভট্টাচার্য। এছাড়াও পর্যায়ক্রমে গান শোনাবেন অনিমেষ বড়ুয়া, মনোজিত ভট্টাচার্য, মনি আচার্য, মিশকাতুল মমতাজ মুমু এবং দ্বৈত সংগীতে অংশ নেবেন মো. মহিউদ্দিন ও বহ্নিশিখা রক্ষিত।অনুষ্ঠানের পরবর্তী অংশে একে একে মঞ্চে আসবেন সীমা পাল, মশিউল আনোয়ার খান, অর্পিতা দাশ, রুমি চক্রবর্তী, পলাশ মজুমদার, শ্যামলী পাল, প্রধব সিকদার, লাকী দাশ এবং শুভাগত চৌধুরী।
সংগীতের এই দীর্ঘ সফরকে সুমধুর ও প্রাণবন্ত করে তুলতে যন্ত্রসংগীতে সঙ্গ দেবেন বিশিষ্ট যন্ত্রশিল্পী রিপন শীল (কি-বোর্ড), রোমেন বিশ্বাস রাজু (তবলা), নন্দন নন্দী (অক্টোপ্যাড), শ্যামল চন্দ্র দাস (বেহালা) এবং মলয় কুমার ইন্দু মুকেশ (একুস্টিক গিটার)।
সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা, সঞ্চালনা ও পরিচালনায় থাকবেন সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট শুভাগত চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সংস্থার সভাপতি লাকী দাশ। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কবির কালজয়ী সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং রবীন্দ্রচেতনাকে ধারণ করার লক্ষ্যেই এই আয়োজন। সংস্থার পক্ষ থেকে সকল সংগীতানুরাগী ও সুধীজনকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে এই বিশেষ রবীন্দ্র জয়ন্তী সন্ধ্যা উপভোগ করার জন্য সবিনয় আমন্ত্রণ জানানো হয়েছে।


