অনলাইন ডেস্ক: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর করা জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পৃথক আরও চারটি মামলায় তার জামিন আবেদনের শুনানি শেষে সোমবার (১১ মে) আদেশের জন্য রেখেছেন আদালত।রবিবার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আইনজীবী অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইয়েদা শাজিয়া শারমিন এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন কবির, আল-আমিন, কোরশেদ আলম সেলিম, মোহাম্মদ নাজমুল হাসান ও মো. মোখলেছুর রহমান। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্যসহ কয়েকজন আইনজীবী।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৬ নভেম্বর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। একই দিনের ঘটনায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ পৃথক পাঁচটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।


