অনলাইন ডেস্ক: ফেনীর দাগনভূঞায় মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে তার মা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই যুবকের বাবা ও বোন। রবিবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাদকের টাকার জন্য পরিবারের সঙ্গে বিরোধের একপর্যায়ে রাফি (২২) ঘরের ভেতরে তার মা লাকী আক্তারকে (৫৫) ছুরিকাঘাত করেন।চিৎকার শুনে পাশের কক্ষ থেকে বোন মিথিলা ভূঁইয়া (১৮) এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। পরে বাইরে থেকে ছুটে এসে স্ত্রী ও মেয়েকে রক্ষার চেষ্টা করেন বাবা মোস্তফা ভূঁইয়া (৬৫)। তাকেও ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে স্থানীয়রা।গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে লাকী আক্তারের মৃত্যু হয়। আহত মোস্তফা ভূঁইয়া ও মিথিলা ভূঁইয়াকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
স্থানীয়দের সহায়তায় রাতেই অভিযুক্ত রাফিকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরিও উদ্ধার করা হয়েছে।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


