অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বন্দরের অগ্নি দুর্ঘটনা নিয়ন্ত্রণের সক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তা ও সচেতনতা সৃষ্টির বিশেষ মহড়া পরিচালনা করা হয়েছে।মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষে এই অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।এতে অংশ নেন বন্দরের নিজস্ব ফায়ার বিগ্রেডসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর জেটি গেটের অভ্যন্তরে ডিটিএম অপারেশন ভবনের সামনে বিশেষ মহড়া শুরু হয়।জানা গেছে, চট্টগ্রাম বন্দরে যে কোনো ধরনের অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা যাচাই এবং আধুনিক সরঞ্জামের কার্যকারিতা প্রদর্শনের লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ’ উদ্যাপনের অংশ হিসেবে নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করা হয়।চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কমান্ডার সাজ্জাদ হোসেন বলেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আন্তঃবাহিনীর সমন্বয়ে একটি পারফেক্ট চর্চা করতে এই মহড়া পরিচালনা করা হয়েছে। যেন আপৎকালীন আমরা সেগুলো কাজে লাগাতে পারি।তিনি আরও বলেন, বন্দরে কনটেইনারে আগুন লাগলে কী করা হবে, মহড়ার মাধ্যমে সেটি যাচাই করা হয়েছে।


