নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বন্দর ও সামুদ্রিক খাতে প্রযুক্তিগত সহায়তা, জ্ঞান বিনিময়, টেকসই অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১২ মে) নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স Koos Dijkstra এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বন্দর পরিদর্শনকালে এ আশ্বাস দেন।প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বন্দর, সামুদ্রিক খাত, টেকসই পরিবহন ব্যবস্থা, লজিস্টিকস উন্নয়ন এবং সম্ভাব্য দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।বিশেষভাবে লালদিয়া কনটেইনার টার্মিনালের উন্নয়ন, বন্দর ডিজিটালাইজেশন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি, ইন্টিগ্রেটেড সার্ভিস, শিপ বিল্ডিং, সামুদ্রিক ইকো-সিস্টেম উন্নয়ন, গ্রিন পোর্ট বাস্তবায়ন, ভবিষ্যৎ বন্দর উন্নয়ন পরিকল্পনা, হিন্টারল্যান্ড কানেক্টিভিটি সম্প্রসারণ এবং কার্বন নিঃসরণ প্রশমন ইত্যাদি বিষয় গুরুত্ব পায়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) প্রতিনিধি দলকে বন্দরের চলমান উন্নয়ন কার্যক্রম, সম্প্রসারণ পরিকল্পনা, আধুনিকায়ন উদ্যোগ এবং আন্তর্জাতিক বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের কৌশলগত গুরুত্ব সম্পর্কে অবহিত করেন।একই সঙ্গে তিনি বাংলাদেশের মেরিটাইম শিক্ষা উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং মেরিটাইম ও জাহাজ রিপেয়ার বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা কামনা করেন।সাক্ষাৎ শেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে বন্দরের সার্বিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়ন কার্যক্রমের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।পরবর্তীতে প্রতিনিধি দল বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন এবং বন্দরের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মো. মাহবুব আলম তালুকদার, সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, পরিচালক (পরিবহন), পরিচালক (প্রশাসন), হারবার মাস্টার, চিফ হাইড্রোগ্রাফার এবং প্রতিনিধি দলে নেদারল্যান্ডসের টেকসই পরিবহন ও লজিস্টিকস খাতে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান Nestra B.V.-এর পার্টনার ও বিশেষজ্ঞ Harrie de Leijer (মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ও ইনল্যান্ড ওয়াটারওয়েজ) এবং Richard van Liere (মাল্টিমোডাল ট্রান্সপোর্ট, পোর্ট-হিন্টারল্যান্ড কানেক্টিভিটি ও লজিস্টিকস) উপস্থিত ছিলেন।


