নিজস্ব প্রতিবেদক: হিজড়া কোনো লিঙ্গ নয়, বরং এটি একটি সম্প্রদায়। এই তৃতীয় লিঙ্গের মানুষরাও সমাজের অংশ। যেখানে নির্দিষ্ট রীতিনীতি ও সামাজিক কাঠামোর মাধ্যমে এই জনগোষ্ঠী ঐক্যবদ্ধ থাকে। এই তৃতীয় লিঙ্গের মানুষরাও প্রতিনিয়ত আবাসন সমস্যা ও সামাজিক লাঞ্ছনার শিকার হচ্ছে। গত মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর একটি হোটেলে বন্ধু মিডিয়া ফোরামের এই সভায় বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং আইনি সহায়তার বিষয়ে গুরুত্ব দেয়া দরকার।

চট্টগ্রামের গণমাধ্যম কর্মীদের এই সভা করেছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।এতে হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, অধিকার সুরক্ষা, সমাজের মূলধারায় অন্তভুর্ক্তিকরণে সমন্বিতভাবে কাজ করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বলে আলোচকরা মতপ্রকাশ করেন। সভায় এতে সাংবাদিক, আয়োজক ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধিসহ মোট ১৮ জন উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় ম্যানেজার অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ মশিউর রহমান, সিনিয়র ডিআইসি ম্যানেজার এ কে হুমায়ুন কবির, বন্ধু সাংবাদিক ফোরামের আহ্বায়ক সৌরভ ভট্টাচার্য।
বক্তব্য রাখেন, বাংলা নিউজ টুয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার আর রহমান, দৈনিক আজাদীর সিনিয়র সাব এডিটর জাহেদ আলম, নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার ওমর ফারুক, দৈনিক কর্ণফুলীর বার্তা সম্পাদক জালালুদ্দিন হাওলাদার, যুগান্তরের স্টাফ রিপোর্টার আহমদ মুছা, দেশটিভির আজিজুল পায়েল, ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার বিশ্বজিৎ পাল, আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সোহেল মারমা, দৈনিক পূর্বদেশের মনিরুল ইসলাম মুন্না, সাংবাদিক রাজু বড়ুয়া, দৈনিক আগামীর সময়ের নীল আঁখি বড়ুয়া প্রমূখ।


