রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) গভীর রাতে উপজেলার নাকাপাড়ার চাষীনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হন। এছাড়া সোমবার (১৮ মে) ভোরে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজার এলাকায় আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, রবিবার রাত ১২টার পর ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাস সড়কে থামিয়ে চাকা মেরামত করা হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেমে থাকা বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহ আলম (৩৬) নামে এক ব্যক্তি নিহত হন।নিহত শাহ আলম খাগড়াছড়ি সদর উপজেলার শান্তিনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে।এ ঘটনায় আহত হয়েছেন জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯) নামে আরও দুইজন । তাদের রাতেই রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।অপরদিকে সোমবার ভোরে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজারের যাত্রী ছাউনির সামনে রব শেখ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে। যাত্রী ছাউনির সামনে পড়ে থাকা ব্যক্তির ব্যাগে থাকা ড্রাইভিং লাইসেন্সের তথ্য অনুযায়ী তার নাম রব শেখ, বাড়ি পাবনায়। ধারণা করা হচ্ছে, তিনি শ্যামলী পরিবহনের চালক ছিলেন। দুর্ঘটনার পর পালানোর সময় স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।নাকাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, দুর্ঘটনায় জড়িত শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-১১৭৮) ও শান্তি পরিবহন (ঢাকা মেট্রো-হ ১৪-২৪২৩) বাস দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চালক ও হেলপারদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


