অনলাইন ডেস্ক: আনোয়ারায় সমুদ্র এলাকায় নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি ক্রুর মধ্যে হাতাহাতির ঘটনায় এক থাই নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, সমুদ্রের চার্লি অ্যানকর পয়েন্টে অবস্থানরত MTKPP01 জাহাজে কর্মরত দুই বিদেশি ক্রুর মধ্যে মারামারির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন থাইল্যান্ডের নাগরিক রাফিফং কালাহান (৩০)।পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। নিহতের বাবার নাম সানিয়াপং কালাহান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সমুদ্রে জাহাজে ছুরিকাঘাতে আহত এক বিদেশি নাগরিককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


